Advertisement
E-Paper

আইআইটি দিল্লিতে এজেন্টিক এআই নিয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স, আবেদন করতে পারবেন কারা?

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের (সিইপি) অধীনে শুরু হচ্ছে ছ’মাসের ‘এগ্‌জ়িকিউটিভ সার্টিফিকেট ইন এজেন্টিক এআই সিস্টেমস (ফাউন্ডেশন টু ডেপ্লয়মেন্ট)’ কোর্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:৪৩
আইআইটি দিল্লি।

আইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।

প্রথাগত জেনারেটিভ এআই-এর বাইরে গিয়ে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এজেন্টিক এআই সিস্টেম তৈরি ও পরিচালনার দক্ষতা অর্জন করতে নতুন কোর্স চালু করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রামের (সিইপি) অধীনে শুরু হচ্ছে ছ’মাসের ‘এগ্‌জ়িকিউটিভ সার্টিফিকেট ইন এজেন্টিক এআই সিস্টেমস (ফাউন্ডেশন টু ডেপ্লয়মেন্ট)’ কোর্স। জেনারেটিভ এআই মূলত লেখা, ছবি-সহ বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি করতে পারে। অন্য দিকে, এজেন্টিক এআই নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য যুক্তি প্রয়োগ, পরিকল্পনা তৈরি, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে একাধিক কাজ সম্পন্ন করতে পারে। সেই প্রযুক্তির ব্যবহারিক দিকগুলি সম্পর্কে ধারণা দেওয়াই এই কোর্সের অন্যতম লক্ষ্য।

পাঠ্যক্রমটি আটটি মডিউলে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন (আরএজি) এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়। পাশাপাশি, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি), ল্যাংগ্রাফ, ক্রু এআই এবং অটোজেনের মতো ফ্রেমওয়ার্ক ও টুলের ব্যবহার শেখানো হবে।

আইআইটি দিল্লির শিক্ষকদের পরিচালনায় লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড করা ক্লাসও হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া, আগ্রহী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে গিয়ে শেখার ঐচ্ছিক ব্যবস্থাও রাখা হয়েছে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা কমার্সের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। মূলত এআই ও ডেটা নিয়ে কাজ করা পেশাদার, প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তি, সফ্‌টওয়্যার ডেভেলপার এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের কথা ভেবে কোর্সটি তৈরি করা হয়েছে।

কী ভাবে হবে নির্বাচন?

আবেদনপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। কোর্স শেষে শংসাপত্র পেতে মিড-টার্ম ও এন্ড-টার্ম পরীক্ষা, কুইজ় এবং প্রকল্পভিত্তিক মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। সফল প্রার্থীদের আইআইটি দিল্লির তরফে ই-সার্টিফিকেট দেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে আইআইটি দিল্লির ওয়েবসাইট থেকে।

IIT Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy