একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় নতুন তালিকায় যুক্ত হওয়া প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (ডব্লিউবিএসএসসি)। নথি যাচাই এবং ইন্টারভিউয়ের তৃতীয় পর্বের দিনক্ষণ জানাল কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ ও ৭ নভেম্বর এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোন বিষয়ের প্রার্থীদের কবে ইন্টারভিউ?
কমিশনের সূচি অনুযায়ী, বায়োলজিক্যাল সায়েন্সের প্রার্থীদের ৬ ও ৭ নভেম্বর রিপোর্ট করতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ় এবং কমার্সের প্রার্থীদের জন্য নির্ধারিত হয়েছে ৬ নভেম্বর। অন্য দিকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রার্থীদের রিপোর্ট করতে হবে ৭ নভেম্বর।
আরও পড়ুন:
কবে থেকে ডাউনলোড করা যাবে ইন্টিমেশন লেটার?
কমিশনের ওয়েবসাইট https://www.westbengalssc.com থেকে আগামী ১ নভেম্বর থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন অনলাইন আবেদনে জানানো যোগ্যতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় সব মূল নথি ও শংসাপত্র সঙ্গে রাখতে হবে।
কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে না পারলে প্রার্থীর আবেদন বাতিল করা হতে পারে। পাশাপাশি, নির্ধারিত দিনে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাতিল বলে গণ্য করা হবে।