‘স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ বা ‘স্বয়ম’ জুলাই ২০২৬ সেমেস্টার পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।
আবেদন ফি-ও জমা দেওয়া যাবে ৫ নভেম্বর পর্যন্ত। এনটিএ-র নিজস্ব ওয়েবসাইট থেকে exams.nta.nic.in/swayam/ আবেদন করা যাবে। পাশাপাশি, আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য ৬ ও ৭ নভেম্বর করেকশন উইন্ডো খোলা থাকবে। এই সময়ের মধ্যে প্রার্থীরা নিজেদের জমা দেওয়া ফর্মে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।
কবে হবে পরীক্ষা?
এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ৮, ৯, ১০, ১১ এবং ১২ ডিসেম্বর স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা। দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ৩টে থেকে বিকেল ৬টা পর্যন্ত পরীক্ষা চলবে।
সাধারণ শ্রেণির প্রার্থীদের প্রথম কোর্সের জন্য ৭৫০ টাকা এবং প্রতিটি অতিরিক্ত কোর্সের জন্য ৬০ টাকা দিতে হবে। অন্য দিকে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের প্রথম কোর্সের জন্য ৫০০ টাকা ও প্রতিটি অতিরিক্ত কোর্সের জন্য ৪০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
১। প্রথমে এনটিএ-র সরকারি ওয়েবসাইটে exams.nta.nic.in/swayam/ যেতে হবে।
২। হোমপেজে ‘স্বয়ম জুলাই ২০২৬ সেমেস্টার পরীক্ষা রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪। এর পর আবেদনপত্রে ব্যক্তিগত ও প্রয়োজনীয় বিবরণ পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
৫। আবেদন জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।
প্রশ্নপত্রে ১০০টি অথবা ৫০টি এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। ভাষার বিষয়গুলি বাদে অন্য সব বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে হবে। পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা হবে না। তবে উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর পাওয়া যাবে না।