Advertisement
E-Paper

উদ্ভাবনী ভাবনা জমা দেওয়ার সুযোগ, যুব উদ্যোগপতিদের জন্য প্রতিযোগিতার ডাক আইআইটি কানপুরের!

নির্বাচিত যোগদানকারীরা বিশেষজ্ঞদের পরামর্শে নিজেদের ভাবনাকে আরও উন্নত করার পাশাপাশি নমুনা তৈরি এবং জাতীয় স্তরে তা তুলে ধরার সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১২:০৬
ছবি : সংগৃহীত।

ছবি : সংগৃহীত।

সামাজিক সমস্যার সমাধানের ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনার্স চ্যালেঞ্জ’ (ওয়াইইসি) ২০২৭-এর জ্ঞান সহযোগী হিসাবে তরুণ উদ্যোগপতি ও কর্মরত পেশাদারদের কাছ থেকে উদ্ভাবনী প্রস্তাব আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ২২ অক্টোবরের মধ্যে ‘মাই ভারত’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছেন, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ’ ২০২৭-এর অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য হল প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে বাস্তব সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করা। নির্বাচিত যোগদানকারীরা বিশেষজ্ঞদের পরামর্শে নিজেদের ভাবনাকে আরও উন্নত করার পাশাপাশি নমুনা তৈরি এবং জাতীয় স্তরে তা তুলে ধরার সুযোগ পাবেন।

কারা আবেদন করতে পারবেন?

১৮ থেকে ৩৫ বছর বয়সি স্টার্টআপ প্রতিষ্ঠাতারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাঁদের উদ্যোগ ‘স্টার্টআপ ইন্ডিয়া’র অধীনে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দফতরের স্বীকৃত হতে হবে অথবা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ হিসাবে নথিভুক্ত থাকতে হবে। সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী বা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত একই বয়সের পেশাদারেরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে নিয়োগকর্তার অনাপত্তিপত্র জমা দিতে হবে প্রতিষ্ঠানকে।

একক ভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দল বানাতে হবে। এ ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্যকে বয়সের শর্ত পূরণ করতে হবে। প্রতিযোগিতার কোনও পর্যায়েই অংশগ্রহণের জন্য ফি দিতে হবে না।

কোন বিষয়ে ভাবনা জমা দেওয়া যাবে?

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, নারী ক্ষমতায়ন, প্রশাসন, প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধা, বিপর্যয় মোকাবিলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে প্রস্তাব জমা দেওয়া যাবে। অন্য সামাজিক সমস্যার সমাধান নিয়েও ভাবনা জানানো যাবে।

বাছাই ও পুরস্কার

২০২৬ সালের অক্টোবর ও নভেম্বর মাসে আঞ্চলিক স্তরে প্রস্তাবের যাচাই, প্রদর্শন এবং উপস্থাপনা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তিনটি দল বাছাই করা হবে। পরে আইআইটি কানপুর প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একটি করে জাতীয় চূড়ান্ত দল নির্বাচন করবে। আঞ্চলিক পর্বে নিজের রাজ্যের বাইরে যাতায়াতের জন্য প্রতি দল সর্বোচ্চ ১০ হাজার টাকা সহায়তা পাবে।

নির্বাচিত দলগুলিকে ডিসেম্বর মাসে অনলাইন প্রশিক্ষণ এবং ৮ ও ৯ ডিসেম্বর আইআইটি কানপুরে সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৭ সালের ১০ থেকে ১২ জানুয়ারি জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব হবে। প্রথম পাঁচটি দল যথাক্রমে ১.৫ লক্ষ, ১ লক্ষ, ৭৫ হাজার, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা পুরস্কার পাবে।

আবেদন করবেন কী ভাবে?

‘মাই ভারত’ পোর্টালে ‘ভিবিওয়াইএলডি ২০২৭—ইয়ুথ এন্ট্রাপ্রেনার্স চ্যালেঞ্জ’ বিভাগে গিয়ে আবেদন করতে হবে। সেখানে পছন্দের বিষয়, সমস্যার বিবরণ এবং প্রস্তাবিত সমাধান জমা দিতে হবে। বিস্তারিত নিয়মাবলি ও যোগ্যতার শর্ত সব কিছু এই পোর্টালেই পাওয়া যাবে।

IIT Kanpur competition

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy