উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।
শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ নভেম্বর বিকেল ৩টে পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি সংসদের তরফে আরও জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার দিয়েছেন যে সকল পড়ুয়া এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী—উভয়েই আপত্তি জানানোর সুযোগ পাবে। নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষা সংসদের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে চ্যালেঞ্জ জমা দিতে হবে।
এর আগে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা আনসার কি দেখে আপত্তি জানানোর সুযোগ পেয়েছিলেন। সেই ৩০ অক্টোবরের মেয়াদই বৃদ্ধি করা হয়েছে ২ নভেম্বর পর্যন্ত। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশিত হতে পারে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
আরও পড়ুন:
চলতি বছর তৃতীয় সেমেস্টার শুরু হয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে, শেষ হল ১৪ অক্টোবর। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,১৮,৪৬৭। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩,১৫,৬৬১ এবং ছাত্রীর সংখ্যা ৪,০২,৮০৬। মোট ৮২৫টি সেন্টার ছিল এবং ভেন্যু ছিল ২১০৫টি। এবারে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫,৯৩৮ অর্থাৎ ২.২২ শতাংশ। গত বছর তৃতীয় সেমেস্টারে অনুপস্থিত পড়ুয়া ছিল ২.১৮ শতাংশ।