ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এক জন সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য বেসিক সায়েন্সে স্নাতকোত্তর অথবা প্রফেশন্যাল কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। নেট বা গেট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।