অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই, রবিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলেন অভিনেতা তথা ইমরানের মামা আমির খান। ইমরানের এই টানাপড়েনের আবহে আমিরের এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
কী কারণে রাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির, তা অবশ্য স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অপরের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের দেখা গিয়েছে। তাই ব্যক্তিগত কারণে না কি ভাগ্নের জন্য রাজ ঠাকরের সঙ্গে আমির দেখা করেছেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
আরও পড়ুন:
অন্য দিকে, উল্লিখিত নোটিসকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান। কেন ভারত ছাড়ার নোটিস পেয়েছেন ইমরান?
অভিযোগ, অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণেই ইমরানকে এই নোটিস পাঠানো হয়েছে। ১০ অক্টোবর মুম্বইয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিনেতা। ভারতের নাগরিক না হয়েও তিনি কী ভাবে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়।
৪৪ বছর বয়সি অভিনেতা তাঁর আবেদনে ভারত ছাড়ার নির্দেশকেঠ ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছেন। আদালতে তাঁর আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোটিসের উপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি।