Advertisement
E-Paper

‘অতিরিক্ত বোটক্স ওঁর মস্তিষ্ককে জমিয়ে দিয়েছে’! ছোটপর্দা নিয়ে রোহিতের কটাক্ষের পাল্টা নমনের

ছোটপর্দাকে ‘ডাস্টবিন’ বলে কটাক্ষ রোহিত রায়ের। সেই সঙ্গে ছোটপর্দার অভিনেতাদেরও কটাক্ষ করেন তিনি। এ বার তার পাল্টা জবাব দিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নমন শ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮
রোহিতের কটাক্ষের পাল্টা জবাব দিলেন নমন।

রোহিতের কটাক্ষের পাল্টা জবাব দিলেন নমন। ছবি: সংগৃহীত।

ছোটপর্দা নাকি ‘ডাস্টবিন মিডিয়াম’ অর্থাৎ ‘আবর্জনায় ভরা মাধ্যম’! এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা রোহিত রায়। এ বার তাঁর সেই মন্তব্যের কড়া জবাব দিলেন টেলিভিশনের অভিনেতা নমন শ। রোহিতের উদ্দেশে নমনের কটাক্ষ, অতিরিক্ত বোটক্স সরাসরি তাঁর মস্তিষ্কে গিয়ে সেটাকে জমিয়ে দিয়েছে!

‘মঙ্গল লক্ষ্মী’, ‘কসৌটী জ়িন্দগী কে’, ‘কসম সে’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা নমনের প্রতিক্রিয়া, “আমি সত্যিই মনে করি, অতিরিক্ত বোটক্স হয়তো ওঁর কপালের প্রথম স্তর পেরিয়ে সরাসরি মস্তিষ্কে পৌঁছে গিয়েছে এবং সেটাকেও জমিয়ে দিয়েছে।”

রোহিত আরও দাবি করেছিলেন যে, বড়পর্দার তারকাদের মধ্যে যে ধরনের ‘কায়দা’ এবং ‘ক্লাস’ রয়েছে, তা টেলিভিশন অভিনেতাদের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় না। রোহিতের সেই মন্তব্যের পাল্টা নমন বলেন, “ছোটপর্দাকে এ ভাবে অপমান করা অকৃতজ্ঞতার উদাহরণ। যে মাধ্যম কয়েক দশক ধরে তাঁর জীবন এবং রোজগারের অঙ্গ, সেই মাধ্যম সম্পর্কে এমন কথা বলা ঠিক নয়। টেলিভিশন যদি সত্যিই এত খারাপ মাধ্যম হয়, তা হলে গত ২০ বছর ধরে তিনি এর সঙ্গে যুক্ত থাকলেন কেন?”

নমনের কথায়, টেলিভিশন রোহিতের ভাই রণিত রায়কেও জীবনে দ্বিতীয় সুযোগ দিয়েছিল। তিনি বলেন, “এই মাধ্যমই ওঁর ভাই রণিতকে কামব্যাক করার সুযোগ দিয়েছিল। টেলিভিশন অসংখ্য অভিনেতা, কলাকুশলী, লেখক, পরিচালক এবং অন্যান্য পেশাদারকে কাজের সুযোগ দেয়। অনেকেই এই মাধ্যমের হাত ধরেই নিজেদের কেরিয়ার তৈরি করেন।”

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নমন জানান, গত ২০ বছর ধরে তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং তা নিয়ে তিনি গর্বিত। অভিনেতার কথায়, “টেলিভিশন আমার সংসার চালিয়েছে। আমাকে কাজ, পরিচিতি, সুযোগ এবং একটা কেরিয়ার দিয়েছে। তাই কেউ গোটা মাধ্যমটিকে ‘ডাস্টবিন’ বললে, আমি বিষয়টি ব্যক্তিগত ভাবে নিই।”

তবে ইন্ডাস্ট্রির কিছু মানুষের আচরণ নিয়ে রোহিতের মন্তব্যের সঙ্গে আংশিক সহমত নমন। তাঁর মতে, কিছু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বিতর্ক তৈরি করেন বা ছবিশিকারিদের নজরে থাকার জন্য নির্দিষ্ট ধরনের আচরণ করেন। কিন্তু কয়েক জনের আচরণের জন্য গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে দায়ী করা উচিত নয়। নমনের বক্তব্য, “কিছু ব্যক্তিকে নিয়ে সমস্যা থাকলে তাঁদের নাম নিন। তাঁদের আচরণের সমালোচনা করুন। কিন্তু কয়েক জনের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে দোষ দেবেন না।”

উদাহরণ হিসাবে রাখি সাওয়ন্তের কথাও বলেন নমন। তাঁর মতে, রাখি বরাবরই বিনোদনের দিকে নজর দেন এবং সেই ভাবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। ফলে কোন ধরনের আচরণ দর্শকের নজর কাড়বে, সে বিষয়ে তিনি সচেতন। নমন বলেন, “রাখি কখনও এমন কিছু দাবি করেন না, যা তিনি নন। মানুষকে বিনোদন দেওয়ার নিজস্ব পদ্ধতি রয়েছে তাঁর। আপনি পছন্দ করুন বা না করুন, প্রায় ২০ বছর ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন। তিনি জানেন, তাঁর কোন আচরণ কেমন ধরনের নজর কাড়ে এবং তাঁকে কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়।”

তবে রাখির মতো কয়েক জনের আচরণের জন্য টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ বলা যায় না বলেই মনে করেন নমন। তাঁর কথায়, প্রতিটি ইন্ডাস্ট্রিতেই ভাল, বিতর্কিত, প্রতিভাবান মানুষ রয়েছেন। তিনি বলেন, “টেলিভিশনকে ভালবাসতেই হবে এমন নয়, কিন্তু অন্তত সেই মাধ্যমটিকে সম্মান করা উচিত, যা এত মানুষের জীবিকা এবং কেরিয়ার তৈরি করেছে। ব্যক্তির সমালোচনা করুন, কিন্তু তাঁদের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে অপমান করবেন না।”

Rohit Roy Television Industry

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy