টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে নিজের অকপট মতামত জানালেন অভিনেতা রোহিত রায়। দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করা অভিনেতার দাবি, চলচ্চিত্র এবং টেলিভিশন তারকাদের প্রকাশ্য ভাবমূর্তি ও আচরণের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। তাঁর মতে, সিনেমার তারকাদের মধ্যে যে ধরনের ‘স্টাইল’ এবং ‘ক্লাস’ দেখা যায়, তা অনেক সময় টেলিভিশন অভিনেতাদের মধ্যে থাকে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জনসমক্ষে অভিনেতাদের আচরণ নিয়ে কথা বলেন রোহিত। তাঁর কথায়, “সিনেমার কোনও অভিনেতা নিজেকে কী ভাবে প্রকাশ্যে মেলে ধরেন, সেটা দেখুন। বিশেষ করে তিনি যদি তারকা হন, তা হলে দেখবেন কী ভাবে তিনি বেরিয়ে আসছেন, তাঁর চলাফেরা কেমন। অবশ্যই সকলে একটা ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করেন। আমাদেরও করতে হয়। কিন্তু তাঁদের সেই ভাবমূর্তিতে একটা সৌন্দর্য, মর্যাদা, স্টাইল থাকে।”
আরও পড়ুন:
এর পর টেলিভিশন অভিনেতাদের প্রসঙ্গ টেনে রোহিত বলেন, “যে কোনও জমায়েতে কিছু কিছু টেলিভিশন অভিনেতাকে দেখবেন! তাঁদের আদব-কায়দা দেখলেই আপনার উত্তর পেয়ে যাবেন।” তাঁর মতে, জনসমক্ষে তারকাদের একটি নির্দিষ্ট ‘লাবণ্য’ এবং ‘মর্যাদা’ বজায় রাখা উচিত। শুধুমাত্র ছবিশিকারিদের ক্যামেরা রয়েছে বলেই অযথা মন্তব্য করা বা এমন আচরণ করা উচিত নয়, যা একজন তারকার ভাবমূর্তির সঙ্গে মানানসই নয়।
পাশাপাশি ফ্যাশন নিয়েও সিনেমা ও টেলিভিশন তারকাদের মধ্যে পার্থক্যের কথা বলেছেন রোহিত। তাঁর বক্তব্য, সিনেমার তারকারাও খোলামেলা পোশাক পরেন। তবে তাঁদের পোশাক এবং তা বহন করার মধ্যে একটি নিজস্ব কায়দা থাকে। রোহিতের মতে, সমাজমাধ্যমে অনেকে নিজেদের উপস্থিতির মাধ্যমে মানুষের নজর কাড়তে পারেন ঠিকই, কিন্তু তা সবসময় সম্মান আদায়ের জন্য যথেষ্ট নয়।
দীর্ঘদিন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোহিতের। তিনি জানান, জনসমক্ষে নিজেকে কী ভাবে তুলে ধরছেন, সে বিষয়ে বরাবরই সচেতন তিনি। অভিনেতার কথায়, “নিজেকে একটা নির্দিষ্ট মর্যাদার সঙ্গে তুলে ধরতে হয়। শুধু পাপারাৎজ়ি রয়েছে বলেই হইহই করা বা বোকা বোকা মন্তব্য করা যায় না।”