Advertisement
E-Paper

নিশানায় আয়ুষ্মান খুরানা! বিশ্নোই গ্যাংয়ের তরফ থেকেই এল হুমকিবার্তা? তদন্তে মুম্বই পুলিশ

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতা ব্যক্তি সত্যিই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৬
বিশ্নোইদের নিশানায় এ বার আয়ুষ্মান?

বিশ্নোইদের নিশানায় এ বার আয়ুষ্মান? ছবি: সংগৃহীত।

এ বার নিশানায় আয়ুষ্মান খুরানা। বলিউড অভিনেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা চাওয়া হয়েছে। হুমকিদাতা নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলেও দাবি করেছে। একটি অডিয়োবার্তার মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতা ব্যক্তি সত্যিই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তকারীরা অডিয়ো বার্তার কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বরের মিল খতিয়ে দেখছেন। পুলিশের অনুমান, কণ্ঠস্বরের তুলনা করেই ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, “হুমকিদাতা ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে।” পাশাপাশি, “লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির সত্যিই কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।

তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে নারাজ মুম্বই পুলিশ। ঠিক কত টাকা তাঁর কাছে দাবি করা হয়েছে, সে ব্যাপারেও বিশদ জানায়নি পুলিশ।

মঙ্গলবার বলিউডের আর এক অভিনেতা তুষার কপূরের কাছেও এসেছিল হুমকি-ফোন। তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করেছে হুমকিদাতা। ফোনের ও পারে লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশের অপরাধদমন শাখার আধিকারিকদের সন্দেহ, পুরোটাই ভুয়ো। অর্থাৎ বিশ্নোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে পরিচয় দিলেও তা মিথ্যা। আদতে ভুয়ো হুমকি ফোন করা হয়েছিল অভিনেতাকে। একই ঘটনা আয়ুষ্মানের সঙ্গেও ঘটল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার মুখে পড়েছিলেন টাইগার শ্রফ। ফুটবল ক্লাব থেকে গাড়িতে উঠছিলেন তিনি। ঠিক সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি গুরুতর চোট না পেলেও গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক ও অন্য আর এক ব্যক্তি।

Ayushmann Khurrana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy