Advertisement
E-Paper

‘ইন্ডিয়ান আইডল’-এ ফের সংঘাত! অভিজীতকে পাল্টা জবাব ঋষির, হতবাক বিচারক-অতিথিরা

ফের বিবাদে জড়ালেন গানের প্রতিযোগিতার দুই সিজ়নের বিজয়ী— অভিজীত সাওয়ন্ত এবং ঋষি সিংহ। তাঁদের বাগ্‌যুদ্ধ দেখে রীতিমতো অবাক সকলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৭:০৮
বিতর্কে অভিজীত-ঋষি।

বিতর্কে অভিজীত-ঋষি। ছবি: সংগৃহীত

ফের বিতর্কে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ। এ বার গানের লড়াই ছাপিয়ে জায়গা করে নিচ্ছে বাগ্‌বিতণ্ডা। প্রতিযোগীদের মধ্যে সুরের প্রতিযোগিতার পাশাপাশি শুরু হয়েছে একে অপরের গানের খুঁত ধরার পালা। আর সেই সূত্রেই ফের বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই সিজ়নের বিজয়ী— অভিজীত সাওয়ন্ত এবং ঋষি সিংহ। তাঁদের কথার লড়াই দেখে রীতিমতো বিস্মিত বিচারক হিমেশ রেশমিয়া। পর্বের অতিথি করিশ্মা কপূরও পরিস্থিতি দেখে হতবাক হয়েছেন।

‘ইন্ডিয়ান আইডল লেজে়ন্ডস রিটার্ন’ অনুষ্ঠানে এ বার বিচারকদের পাশাপাশি একে অপরের কর্মক্ষমতার নম্বর দেওয়ারও দায়িত্ব পেয়েছেন প্রতিযোগীরা। ফলে প্রতিযোগীদের মধ্যে তৈরি হচ্ছে মতবিরোধ। বিশেষ করে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজ়নের বিজয়ী ঋষির মন্তব্য ঘিরে বার বার উত্তপ্ত হচ্ছে অনুষ্ঠানের পরিবেশ। এর আগে অভিজীত এবং অমিত সানার গান নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এ বার ফের অভিজীতের সঙ্গে বচসায় জড়ালেন ঋষি।

এই অনুষ্ঠানের একটি ঝলকে দেখা গিয়েছে, ঋষিকে কম নম্বর দেন অভিজীত। শুধু তা-ই নয়, ঋষির গানের ধরন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিজীতের কথায়, গানের মধ্যে কখনও যন্ত্রণা ফুটিয়ে তুলতে হয়, আবার কখনও প্রকাশ করতে হয় আগ্রাসন। কিন্তু ঋষির গানে সেই আবেগের প্রকাশ তাঁর পছন্দ হয়নি। এমনকি তাঁর গানকে কটাক্ষ করে অভিজীত বলেন, মনে হচ্ছিল যেন কেউ নিজের প্রেমিকার গলা টিপে ধরছে! এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হন ঋষি। পাল্টা জানান, তাঁর গান শুনে ভাল না লাগলে সরাসরি সেটুকুই জানাতে পারতেন অভিজীত। এত কথা শোনানোর কী প্রয়োজন?

ঋষির উত্তরে থেমে থাকেননি অভিজীতও। পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, ‘ঋষির শেখার ইচ্ছেটাই আর নেই!’ দুই গায়কের এই বাদানুবাদ দেখে প্রতিক্রিয়া দেন হিমেশও। তাঁর মতে, বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠছে। গানের মূল্যায়ন করতে গিয়ে যেন অকারণে অতিরিক্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা হচ্ছে। তবে শেষপর্যন্ত ঋষির মন্তব্যেই সবচেয়ে বেশি চমকে যান উপস্থিত সকলে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর বিশ্বাস, সেখানে উপস্থিত অন্য সব গায়কের তুলনায় তাঁর গান আরও ভাল হবে। ঋষির এই আত্মবিশ্বাসী মন্তব্যে কার্যত স্তম্ভিত হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলে।

অনুষ্ঠানের আসন্ন পর্বে অতিথি হিসেবে হাজির হবেন করিশ্মা। গানের মঞ্চে এমন বাগ্‌বিতণ্ডা দেখে তাঁকেও বিস্মিত হতে দেখা গিয়েছে। প্রচার-ঝলক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ ঋষির স্পষ্টবক্তা স্বভাবের প্রশংসা করছেন। আবার কারও মতে, তাঁর মধ্যে অহঙ্কার তৈরি হয়েছে।

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’-র ১৩তম সিজ়নে নিজের গায়কির জাদুতে দর্শকের মন জয় করেছিলেন অযোধ্যার ঋষি। তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন বিরাট কোহলীর মতো তারকাও। কিন্তু এ বার সেই ঋষি অনুষ্ঠানে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন।

Indian Idol Abhijeet Sawant Reality show music Songs

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy