তারকা মানেই সাধারণ মানুষের থেকে দূরত্ব রাখতে হবে— এই ধারণাকে বার বার ভুল প্রমাণ করেছেন বহু শিল্পী। আর সেই তালিকায় নতুন করে আলোচনায় উঠে এলেন পপতারকা রিহানা। একটি সুপারমার্কেটে এক ক্যানসার-আক্রান্ত অনুরাগীর সঙ্গে তাঁর কয়েক মিনিটের কথোপকথন এখন সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ছুঁয়ে গিয়েছে লক্ষ মানুষের হৃদয়। সেখানে ছিল না কোনও মঞ্চ, সাজানো দৃশ্য বা প্রচারের আয়োজন। ছিল শুধুই এক জন মানুষের প্রতি আর এক জন মানুষের আন্তরিক সহমর্মিতা।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত একেবারেই সাধারণ ভাবে। কেনাকাটা করতে গিয়েছিলেন রিহানা। সেই সময়ে তাঁর সামনে এসে দাঁড়ান এক মহিলা অনুরাগী। সাহস সঞ্চয় করে তিনি প্রিয় তারকার কাছে একটি ছবি তোলার অনুরোধ জানান। তবে অনুরোধের আগে নিজের মনের কথা উজাড় করে দেন তিনি। বলেন, “আমাকে খুব খারাপ দেখাচ্ছে তাই না? আসলে আমি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। আপনার সঙ্গে কি একটা ছবি তুলতে পারি?”
কথা শেষ হওয়ার আগেই অনুরাগীকে কাছে টেনে নেন রিহানা। বলেন, “তোমাকে মোটেও খারাপ দেখাচ্ছে না।” কোনও দ্বিধা ছাড়াই তিনি হাসিমুখে অনুরাগীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
প্রকাশ্যে এসেছে এক মজার মিল। অনুরাগী জানান, তাঁর নামের সঙ্গে রিহানার নামের মিল রয়েছে। আসলে পপতারকার আসল নাম রবিন রিহানা ফেন্টি। আর তাঁর মহিলা ভক্তের নামও রবিন। নামের এই অদ্ভুত মিল শুনে রিহানার মুখে ফুটে ওঠে হাসি।
অনুরাগী পরে নিজের মোবাইলে একটি ছবি দেখান, যেখানে তিনি পরচুলা পরে রয়েছেন। তিনি জানান, চিকিৎসার কারণে চুল পড়ে যাওয়ায় সাধারণত তাঁকে এ ভাবেই দেখা যায়। অসুস্থতার কারণে শরীরে নানা ধরনের পরিবর্তন এসেছে তাঁর। অনুরাগীর নিরাপত্তাহীনতার কথা শুনে রিহানা বলেন, “ভবিষ্যতে কারও সঙ্গে দেখা হলে আর কখনও নিজের সম্পর্কে এ ভাবে বলবে না। তুমি যেমন আছ, তেমনই দুর্দান্ত। তুমি নিজেই আগুন।”
আরও পড়ুন:
রিহানার এই কথায় স্পষ্টতই আবেগাপ্লুত হয়ে পড়েন অনুরাগী। তিনি জিজ্ঞেস করেন, “আমি কি আপনার এই কথাগুলো অন্যদের বলতে পারি?” রিহানার উত্তর ছিল ততটাই প্রাণবন্ত— “অবশ্যই। হুবহু বলবে।”
মাত্র কয়েক মিনিটের এই সাক্ষাৎকার বা আলাপচারিতা যে এত মানুষের মন ছুঁয়ে যাবে, তা হয়তো কেউ ভাবেননি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে প্রশংসার বন্যা। বহু মানুষ লিখেছেন, এক জন বিশ্বতারকা হয়েও রিহানা যে আন্তরিকতা, সংবেদনশীলতা এবং সম্মান দিয়ে এক অসুস্থ অনুরাগীর পাশে দাঁড়িয়েছেন, সেটাই তাঁকে আরও বড় করে তুলেছে।