Advertisement
E-Paper

ছোটপর্দাকে ‘জঞ্জাল মাধ্যম’ বলে বিতর্কে জড়ান! ‘ছোটদের থেকে ব্যক্তিগত আক্রমণ শুনেছি’, বললেন রোহিত

হিন্দি টেলিভিশন নাকি ‘ডাস্টবিন মিডিয়াম’। মন্তব্য করেছিলেন রোহিত রায়। তুমুল বিতর্কের মাঝে ফের মুখ খুললেন তিনি। পরিষ্কার করলেন তাঁর মন্তব্যের অর্থ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১২:৪৩
রোহিত রায়।

রোহিত রায়। ছবি: সংগৃহীত।

ছোটপর্দা নাকি ‘জঞ্জাল মাধ্যম’! মন্তব্য করেছিলেন অভিনেতা রোহিত রায়। জড়ান বিতর্কে। খবর, তাঁকে নাকি হুমকিও শুনতে হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর মন্তব্যের পর বেশ কিছু অনুজ অভিনেতার ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েছেন বলে দাবি করেছেন তিনি। রোহিতের বক্তব্য, তাঁর মন্তব্যের প্রেক্ষাপট না বুঝেই অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, নিজে তিন দশক ধরে টেলিভিশনে কাজ করা অভিনেতা হিসেবে তাঁর বক্তব্য কোনও ব্যক্তি বা ইন্ডাস্ট্রিকে আক্রমণ করার উদ্দেশ্যে ছিল না, বরং ভারতীয় টেলিভিশনে তৈরি হওয়া কনটেন্ট নিয়ে তাঁর উদ্বেগ থেকেই এই মন্তব্য।

এক সাক্ষাৎকারে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেন, তাঁর মন্তব্যের লক্ষ্য ছিল ভারতীয় টেলিভিশনের বিষয়। কোনও অভিনেতা, পরিচালক বা প্রযোজককে নিশানা করেননি তিনি। নিজেকে ‘টিভি অভিনেতা’ হিসেবে উল্লেখ করে রোহিত বলেন, “পুরো সাক্ষাৎকার না দেখেই, শুধু ‘ক্লিকবেট হেডলাইন’ দেখে কয়েক জন অনুজ অভিনেতা আমার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন। তা দেখে আমি সত্যিই অবাক। আমার ‘ডাস্টবিন মিডিয়াম’ (জঞ্জাল মাধ্যম) বলার অর্থ হল, আমরা যা খুশি একটা তৈরি করে টিভিতে দেখিয়ে দিই এবং বলি যে, মানুষ তো দেখবেই।”

তিনি আরও বলেন, “যাঁরা সৃজনশীল, যাঁরা টেলিভিশনের উন্নতি চান, তাঁদের বলছি— আজ আমরা যে কনটেন্ট তৈরি করছি, তার মান খুব একটা ভাল নয়। আমি এখন ওটিটি দেখছি, কেন? কারণ সেখানে দারুণ কিছু কাজ দেখতে পাচ্ছি।”

গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁর সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন বলেও জানান রোহিত। তবে আগে তাঁর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট বোঝা প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকি সমাজমাধ্যমে তাঁকে আক্রমণ করা এক ব্যক্তিকে ব্যক্তিগত ভাবে মেসেজও করেছিলেন বলে জানান অভিনেতা।

টেলিভিশনে তাঁর বিরুদ্ধে মন্তব্য করা অভিনেতাদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রোহিত। তাঁর কথায়, “আমি কোনও অভিনেতা, পরিচালক বা প্রযোজকের কথা বলিনি। টিভিতে যে তিন-চার জন মন্তব্য করেছেন, তাঁদের কথা ভাবুন। তাঁরা টেলিভিশনে আমার মতো পরিশ্রম করেননি। যা-ই হোক, এই বিতর্কের এখানেই ইতি টানতে চাই। টেলিভিশনের ভালটাই সবসময় চেয়েছি। গত ৩০ বছর ধরে টেলিভিশনের হয়ে লড়াই করেছি।”

রোহিত এর আগে ঠিক কী বলেছিলেন?

গত মাসে এক সাক্ষাৎকারে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, সময়ের সঙ্গে টেলিভিশন ইন্ডাস্ট্রি আরও পেশাদার হলেও এখন কি অভিনয় ও কাজের প্রতি নিষ্ঠা কমেছে?

জবাবে অভিনেতা বলেছিলেন, “এই প্রশ্নটা আমাকে বহু বার করা হয়েছে। কখনও কখনও আমার মনে হয়, যেন আমাকে কেউ অকৃতজ্ঞ না ভাবেন। কিন্তু টেলিভিশন হল একটা ‘ডাস্টবিন মিডিয়াম’। ভারতে দুর্ভাগ্যজনক ভাবে যতটা কনটেন্ট তৈরি হচ্ছে এবং একই ধরনের কনটেন্ট বার বার তৈরি হচ্ছে, সেখানে সৃজনশীলতার প্রায় কোনও জায়গাই নেই।”

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ রোহিত গত প্রায় ৩০ বছর ধরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। ‘স্বভিমান’, ‘কুসুম’, ‘ভাবি’-সহ বহু হিট শো রয়েছে তাঁর কেরিয়ারে। পাশাপাশি ‘কাবিল’, ‘এলওসি কার্গিল’, ‘ফ্যাশন’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ় ‘চুম্বক’-এ দেখা যাচ্ছে রোহিতকে।

Rohit Roy Television

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy