একসময় সিদ্ধার্থ শুক্লের সঙ্গে সম্পর্কে ছিলেন শাহনাজ় গিল। সিদ্ধার্থের মৃত্যুর পরে দীর্ঘদিন একাকী ছিলেন তিনি। তার পরে বেশ কয়েক জন তারকার সঙ্গে নাম জড়ায় শাহনাজ়ের। বর্তমানে অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তাঁর। এই জল্পনার মাঝেই সম্পর্ক ও প্রেম নিয়ে মুখ খুললেন পঞ্জাবি অভিনেত্রী।
শাহনাজ়ের নতুন পঞ্জাবি ছবি ‘ইশকনামা’ মুক্তি পেয়েছে। সেই ছবি নিয়ে আলোচনার সময়েই প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী জানান, প্রেমের সংজ্ঞা এবং অভিজ্ঞতা সবার কাছে আলাদা। তবে প্রেম একটি সুন্দর অনুভূতি, তাই এর জন্য ঝুঁকি নিতে ভয় পাওয়া উচিত নয়। সাক্ষাৎকারে শাহনাজ় বলেন, “আমার মনে হয়, প্রেমের সংজ্ঞা সকলের কাছে আলাদা। প্রত্যেকের জীবনের অভিজ্ঞতাও আলাদা। তাই কার প্রেম বেশি ভাল ছিল, কারটা কম ভাল, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না।”
আরও পড়ুন:
এর পর নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি শুধু আমার অনুভূতির কথা বলতে পারি। আমার কাছে প্রেম খুব সুন্দর একটা অনুভূতি। তাই তো তার নাম প্রেম।”
কিছু দিন ধরেই রাঘবের সঙ্গে শাহনাজ়ের সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে। একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি, রাঘবের জন্মদিনের অনুষ্ঠানেও শাহনাজ় উপস্থিত ছিলেন। তবে এই সম্পর্কের গুঞ্জন বার বার উড়িয়ে দিয়েছেন রাঘব। তিনি বলেন, “একটা ছবির শুটিং করতে গেলে তিন-চার মাস একসঙ্গে কাটাতে হয়। তাই বন্ধুত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক। শাহনাজ়ের ক্ষেত্রে সমস্যা হল, তিনি ‘বিগ বস্ ১৩’-তে ছিলেন। দর্শক তিন মাস ধরে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন খুব কাছ থেকে দেখেন। তাই অনুষ্ঠান শেষ হওয়ার পরেও সেই আগ্রহ থেকেই যায়।”
উল্লেখ্য, শাহনাজ়ের ছবি ‘ইশকনামা’ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই প্রেমিক-প্রেমিকাকে ঘিরে এই ছবির গল্প।