সোনম ওয়াংচুকের অনশনের ১৮তম দিন। ক্রমশ অবনতি হচ্ছে তাঁর শরীরের। উদ্বেগে দেশবাসীর একাংশ। ইতিমধ্যেই পরিবেশকর্মী তথা বিজ্ঞানীকে সমর্থন জানাতে শুরু করেছেন বিনোদনজগতের অনেকেই। এ বার সোনমের সমাজমাধ্যমের পাতায় উদ্বেগ প্রকাশ করলেন আলিয়া ভট্টের মা সোনি রাজ়দান। সোনম যাতে এ বার অনশন ভঙ্গ করেন, সেই আবেদন করলেন তিনি।
ভবিষ্যতে আরও বড় লড়াইয়ে সোনম ওয়াংচুককে প্রয়োজন, সেই বার্তাই উঠে এল সোনির পোস্টে। তিনি লিখেছেন, “প্রিয় সোনম ওয়াংচুক, আপনার স্বাস্থ্যের জন্য আমরা প্রার্থনা করছি। আমাদের এ ভাবে ছেড়ে চলে যাবেন না দয়া করে। অন্য আরও লড়াইয়ের জন্য দয়া করে আপনি বাঁচুন। আপনি থাকুন আমাদের সঙ্গে। দয়া করে আজ অনশন ভঙ্গ করুন। আপনাকে আমাদের প্রয়োজন আছে। আমাদের ছেড়ে যাবেন না।”
আরও পড়ুন:
যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি সোনমকে তো সমর্থন জানিয়েছেনই, পাশাপাশি ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশেও দাঁড়িয়েছেন। স্বরা যন্তর মন্তর থেকে ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আপনারা লড়াই করছেন। অসংখ্য ধন্যবাদ।” অভয় দেওলও সোনম ওয়াংচুকের ছবি ভাগ করে নিয়ে সমর্থন জানিয়েছেন।
২৮ জুন থেকে অনশন করছেন সোনম ওয়াংচুক। নিট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে তাঁদের আন্দোলন। প্রশ্নফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন সোনম। সেই দাবিতেই অনশন করছেন তিনি। সোনমকে নিয়ে মুখ খুলেছেন ‘থ্রি ইডিয়ট্স’ ছবির ‘চতুর’ অর্থাৎ ওমি বৈদ্য। তিনিও সমর্থন জানিয়েছেন। ছবিটি তৈরিই হয়েছিল সোনমের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। তবে ছবির প্রধান চরিত্র আমির খান বা পরিচালক রাজকুমার হিরানী এখনও নীরব।
শবানা আজ়মীও সোনমের উদ্দেশে মন্তব্য করেছেন, “আপনাদের মতো মানুষের প্রয়োজন আমাদের দেশে।” জ়ীনত অমান ও নসীরুদ্দীন শাহও সমর্থন জানিয়েছেন সোনমকে।