৩০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য ক্যালকাটা ফাইল্স’ ছবিটির। একেবারে শেষ মুহূর্তে জানা গেল, মুক্তি পিছিয়ে যাচ্ছে। এই ছবি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে টলিউডে। কেন এখনই মুক্তি পাচ্ছে না, তা নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়েছে।
‘দ্য ক্যালকাটা ফাইল্স’-এর পরিচালক শৌভিক দে এর পিছনে মূলত দু’টি কারণ জানাচ্ছেন। প্রথমত, সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির তারিখ নিয়ে নানা সমস্যা হচ্ছে। দ্বিতীয় কারণ, দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’। বহুপ্রতীক্ষিত এবং বিশাল বাজেটের ছবির সঙ্গে টক্কর দিতে বেগ পেতে হতে পারে তাঁর ছবির। এই কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা।
শৌভিক বললেন, “আমরা সেন্সর বোর্ডে যখন ছবিটা জমা দিই, ঠিকঠাক সময়েই হয়ে যাওয়ার কথা ছিল। প্রথমে সবাই মিলে আলোচনা করে, ২৩ থেকে ৩০ তারিখ করা হয়েছিল মুক্তির তারিখ। কিন্তু দুর্ভাগ্যবশত, সেন্সর বোর্ডের কারণে নানা সমস্যায় পড়তে হয়। আরও একটি কারণ হচ্ছে, এত বড় হিন্দি ছবি আসছে, ‘রামায়ণ’। সেটার সঙ্গে আমি লড়াই করতে কোনও দিনই চাই না। ওদের চার হাজার কোটি টাকার ছবি। সেটার সঙ্গে এ রকম একটা স্পর্শকাতর ছবি মুক্তি পেলে মানুষ দেখতে যাবে কি না, শো টাইম ঠিকঠাক পাবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০ তারিখ ছবিটা আসবে।”
দর্শককে ছবিটি দেখতে যাওয়ার অনুরোধ করে পরিচালক বলেন, “আপনারা ২০ তারিখ থেকে ছবিটা দেখুন। সত্যের অনেক প্রকাশ পাবে। অনেক সত্য ঘটনা জানতে পারবেন। অনেক কিছু আরও বলার বাকি আছে। যদি এই ছবিতে সাফল্য আসে, আমি আরও সত্যি বলব।” রাজনৈতিক ক্ষমতার লড়াই, দুর্নীতি, অপরাধ, বিশ্বাসঘাতকতা, বিচারের মতো বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘দ্য ক্যালকাটা ফাইল্স’। এই ছবির অন্যতম বড় আকর্ষণ স্বাগতা মুখোপাধ্যায়ের অভিনীত চরিত্রটি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, লাবণী সরকারের মতো অভিজ্ঞ শিল্পী।