বড়পর্দায় বামাক্ষ্যাপা রূপে ফিরছেন সবস্যাচী চৌধুরী। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির ঝলকও সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। বামাক্ষ্যাপার জীবনীকে বড়পর্দায় দেখার জন্য দর্শকের কৌতূহল ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু এর মধ্যেই পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর অর্থাৎ দীপাবলির ঠিক আগেই। প্রযোজনা সংস্থার তরফে খবর, ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি। তার পর থেকেই টলিপাড়ার অন্দরে জল্পনা শুরু হয়েছে, কী কারণে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে?
৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারী পরিচালিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। ইতিমধ্যেই ছবির অগ্রিম বুকিং সাড়া ফেলেছে। ছবিটি নিয়ে হইহইও তুঙ্গে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’-র। সূত্রের খবর, ‘রামায়ণ’-এর সঙ্গে একই দিকে মুক্তি দিয়ে কোনও রকমের প্রতিযোগিতায় যেতে চাইছেন না নির্মাতারা।
আরও পড়ুন:
একই সঙ্গে ছবিটি মুক্তি পেলে হল পেতে এবং উপযুক্ত ‘শো-টাইম’ পেতে সমস্যা হতে পারে, এই সম্ভাবনা আশঙ্কা করেই ‘সাধক বামাক্ষ্যাপা’-র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এক দিকে মহাকাব্য, আর এক দিকে রয়েছে বামাক্ষ্যাপার মতো চরিত্রের জীবনী। দর্শককে যাতে দু’টি ছবির মধ্যে নির্বাচন করতে না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত। ‘রামায়ণ’-এর সঙ্গে কোনও রকমের লড়াইয়ে যেতে চাইছেন না তাঁরা, এমনই জল্পনা। শোনা যাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’-র নির্মাতারা দু’টি ছবিকেই সমান ভাবে সম্মান জানাতে চান, সেই জন্যই বাংলা ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
একই কারণে পিছিয়ে গিয়েছে ‘দ্য ক্যালকাটা ফাইল্স’। ৩০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। একেবারে শেষ মুহূর্তে মুক্তি পিছিয়ে যায়। পরিচালক শৌভিক দে এর পিছনে মূলত দু’টি কারণ জানিয়েছিলেন। প্রথমত, সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির তারিখ নিয়ে নানা সমস্যা হচ্ছে। দ্বিতীয় কারণ, দীপাবলিতেই মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’। বহুপ্রতীক্ষিত এবং বিশাল বাজেটের ছবির সঙ্গে টক্কর দিতে বেগ পেতে হতে পারে তাঁর ছবির। এই কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা।