Advertisement
E-Paper

হাত জুড়ে ক্ষত! লাল দাগে ভরেছে শরীর, টাইগার কেমন আছেন? প্রকাশ্যে আনলেন তাঁর সহযোগী দল

ঘটনার চার দিন পরে অভিনেতার হাতে আঘাতের চিহ্নের ভিডিয়ো প্রকাশ করল তাঁর সহযোগী দল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, টাইগারের হাতে ছোট ছোট লাল দাগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৯:৪৩
টাইগারের হাত ক্ষতবিক্ষত!

টাইগারের হাত ক্ষতবিক্ষত! ছবি: সংগৃহীত।

অল্পের জন্য রক্ষা পেয়েছেন টাইগার শ্রফ। ঘটনার চার দিন পরে অভিনেতার হাতে আঘাতের চিহ্নের ভিডিয়ো প্রকাশ করল তাঁর সহযোগী দল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, টাইগারের হাতে ছোট ছোট লাল দাগ। গুলির সময়ে ছোড়া পেলেট থেকেই ওই আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা, “ঈশ্বর সত্যিই দয়ালু।”

ছেলের হাতে আঘাতের চিহ্ন দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারের মা আয়শা শ্রফ। সমাজমাধ্যমে ভিডিয়োটিতে মন্তব্য করে তিনি লেখেন, “ঈশ্বর মহান।” বাবা জ্যাকী শ্রফ এবং টাইগারের বোন কৃষ্ণা শ্রফও প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেও সমাজমাধ্যমে নানা প্রশ্ন উঠছে। গুলির ঘটনার পরে টাইগারের হাত ব্যান্ডেজে ঢাকা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছিল। অথচ ঘটনার দু’দিন পরে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার অভিনেতার সঙ্গে দেখা করার পর যে ছবিগুলি পোস্ট করলেন, তাতে তাঁর হাতে স্পষ্ট কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। সেই ছবি ঘিরেই প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকদের একাংশ। এত দ্রুত কী ভাবে সুস্থ হয়ে উঠলেন অভিনেতা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন কেউ কেউ। এমনকি, হামলার সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে টাইগারের হাতে আঘাতের চিহ্নের ভিডিয়ো প্রকাশ্যে আনল তাঁরই সহযোগী দল। সেই ছবিতেই স্পষ্ট হয়ে গেল, কী ভাবে ক্ষতবিক্ষত হয়েছে টাইগারের হাত। অল্পের জন্যই যে তিনি বেঁচে গিয়েছেন, তা-ও প্রমাণ হয়ে গেল।

গত ১৮ অক্টোবর জুহুতে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন টাইগার। তখনই ফেরার পথে গুলিকাণ্ডটি ঘটে। তাঁর গাড়ি লক্ষ্য করে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। মোট সাতটি গুলি ছোড়া হয়েছিল বলে অভিযোগ, যার মধ্যে পাঁচটি গাড়িতে লাগে। গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও আহত হন অভিনেতার গাড়িচালক-সহ আরও এক ব্যক্তি। ২২ অক্টোবর পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tiger Shroff

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy