যেন একই অঙ্গে বহুরূপ! বাংলা ভাষার শব্দভাণ্ডারে চোখ বোলালে এমনই কিছু শব্দ উঠে আসবে বইকি! শব্দ একটি হলেও নেপথ্যে রয়েছে একাধিক অর্থ। কখনও সময়, কখনও রঙ আবার কখনও ক্রিয়ার সঙ্গে বদলে যায় সেগুলি। বাংলা ভাষার এই বহুমাত্রিক শব্দভাণ্ডারই তাকে করে তুলেছে সমৃদ্ধ, প্রাণবন্ত এবং বিস্ময়কর।
ব্যাকরণের ভাষায় এই শব্দগুলিকে বলা হয় ‘বহুঅর্থক শব্দ’। অর্থাৎ একই শব্দের একাধিক সম্পর্কযুক্ত অর্থ থাকতে পারে। শব্দের বানান এবং উচ্চরণ এক হলেও প্রসঙ্গ বদলালেই বদলে যায় অর্থ।
এই যেমন ধরুন ‘কাল’ একটি শব্দ। সময়ের হিসেব বোঝাতে গেলে এটি যেমন ‘আগামীকাল’কেও বোঝায়, তেমনই বোঝায় ‘গতকাল’কেও। আবার ‘কাল’ বলতে ‘সময়’কেও ধরা হয়। অশুভ বা বিপদের ইঙ্গিতও বহন করে এই শব্দটি। ‘চাল’ শুধু ভাত বা খাদ্যশস্য নয়। দাবার ‘চাল’ থেকে শুরু করে ‘রাজনীতির চাল’, সবই টের পাইয়ে দেয় এটি। আবার কারও আচরণ বা কৌশল বোঝাতেও এটি ব্যবহার করা হয়। এ ছাড়াও বাড়ির ছাদের ‘চাল’ তো রয়েছেই।
অন্য দিকে ‘হার’ কথার অর্থ লুকিয়ে ‘পরাজয়’ এবং ‘অলঙ্কার’-এও। এ ছাড়াও ‘হাত’ কথাটি শরীরের অঙ্গ ছাড়াও ‘ঘড়ির হাত’, ‘সাহায্যের হাত’ এমনকি ‘দক্ষতা’ বোঝাতেও ব্যবহৃত হয়। একই ভাবে ‘পা’ বলতে শরীরের অঙ্গ বোঝালেও তা ‘টেবিলের পা’, ‘কবিতার পা’ অর্থাৎ ‘ছন্দ’-এর অর্থকেও এগিয়ে নিয়ে যায়। একটিই মাত্র শব্দ, অথচ অর্থের কত বৈচিত্র!
মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।