পছন্দের জামা গায়ে হচ্ছে না? সবই আটকে যাচ্ছে পেটের কাছে গিয়ে। খেয়েদেয়ে ভুঁড়ি যত সহজে হবে, তা কমানোর পথটা ততটাই কষ্টসাধ্য। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ ঝরানো বেশি কঠিন কাজ। জিম করে সারা শরীরের মেদ ঝরিয়ে ফেললেও পেটের মেদ কমাতে নাজেহাল হয়ে যেতে হয়। অনেকেই বলবেন, ডায়েট করলেই তা সম্ভব। তবে কম খেয়ে বা একবেলা উপোস দিয়ে ওজন হয়তো কমবে, তবে ভুঁড়ি সহজে কমবে না। উল্টে শরীরও দুর্বল হয়ে পড়বে। তাই ডায়েট নয়, বরং ব্যায়াম করে ওজন কমানোই শ্রেয়।
অর্ধ্ব পার্শ্ব চক্রাসন
প্রথমে ম্যাটের উপর দাঁড়িয়ে দু’টি পায়ের পাতা জোড়া করুন। হাত দু’টি থাকবে দু’পাশে। এ বার কনুই দু’টি ভাঁজ করে হাতের তালু পিঠের নীচের দিকে রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। কোমর থেকে শরীরের উপরের অংশ পিছনের দিকে হেলিয়ে দিন। এর পর শরীরের ভারসাম্য ঠিক রেখে এই ভঙ্গিতে কিছু ক্ষণ থাকার চেষ্টা করুন। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে নিতেই প্রাথমিক অবস্থানে ফিরে আসুন। ৬-৭ বার এই আসনটি অভ্যাস করুন।
আরও পড়ুন:
ফলকাসন
ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। শরীর টানটান থাকবে। এ বার হাত ও কনুইয়ে ভর দিয়ে শরীরকে ধীরে ধীরে উপরে তুলুন। পায়ের ভর থাকবে বুড়ো আঙুলের উপর। দু’পায়ের মধ্যে দূরত্ব কম করে নেবেন। হাঁটু আর পেটও মাটি থেকে যতটা পারবেন উপরে তুলুন। পেট ভিতর দিকে টেনে রাখতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০-৩০ সেকেন্ড ওই অবস্থানে থাকতে হবে।