বিপুল অর্থলাভের আশায় অনেকেই নিজেদের ব্যবসা শুরু করেন। কিন্তু কঠোর পরিশ্রমের পরেও তাঁরা আশানুরূপ ফল লাভ করতে পারেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, ক্যাশবাক্সকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। ব্যবসায় সমৃদ্ধি আনার জন্য টাকা রাখার বাক্সে নির্দিষ্ট কিছু জিনিস রাখার নিয়ম রয়েছে। বাস্তু মেনে সঠিক জিনিসগুলি বাক্সে রাখলেই ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবেন না। সেই জিনিসগুলি নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
কুবের যন্ত্র
একটি ছোট রুপো বা তামার পাতে খোদাই করা কুবের যন্ত্র বা ধনলক্ষ্মী যন্ত্র লাল কাপড়ে মুড়ে ক্যাশবাক্সের এক কোণে রেখে দিন।
মুদ্রা
মা লক্ষ্মী বা গণেশের ছবি আঁকা একটি সোনা বা রুপোর মুদ্রা ক্যাশবাক্সে রাখা অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করা হয়।
গোমতী চক্র
১১টি লাল কড়ি এবং ১১টি গোমতী চক্র হলুদ বা সিঁদুর মাখিয়ে লাল কাপড়ে বেঁধে ক্যাশবাক্সে রাখলে ধন আকর্ষিত হয় এবং নজরদোষ কাটে।
আরও পড়ুন:
পদ্মবীজ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পদ্মফুলকে মা লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয়। কয়েকটি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে রাখলে আর্থিক স্থিতিশীলতা আসে।
চাল ও হলুদ
হলুদ মাখানো ২১টি অখণ্ড চালের দানা একটি ছোট লাল থলিতে ভরে তা ক্যাশবাক্সের ভিতর রেখে দিতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
দারচিনি
বাস্তুমতে, ক্যাশবাক্সে সামান্য দারচিনির টুকরো বা সবুজ কাপড়ে মেথির দানা বেঁধে রাখলে তা ইতিবাচক শক্তি এবং অর্থের প্রবাহ বাড়ায়।
আয়না
ক্যাশবাক্সের ভিতরের দিকে এমন জায়গায় একটি ছোট আয়না বসান যেন বাক্স খুললেই ভিতরে রাখা টাকার প্রতিফলন ঘটে। শাস্ত্রমতে, এটি সম্পদ দ্বিগুণ হওয়ার প্রতীক বলে গণ্য করা হয়।
রেশমের কাপড়
ক্যাশবাক্সের তলদেশে সব সময় একটি পরিষ্কার লাল বা সবুজ রেশমের কাপড় বিছিয়ে তার উপর টাকা রাখুন।
আরও পড়ুন:
টাকা রাখার বাক্সে এই জিনিসগুলি রাখার পাশাপাশি আরও কয়েকটি টোটকা পালন করলে শুভ ফল মেলে—
- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, উত্তর দিক হল ধনদেবতা কুবেরের দিক। দোকানে টাকা রাখার বাক্স এমন দিকে রাখুন যেন ক্যাশবাক্স খুললেই তার মুখ উত্তর দিকে থাকে।
- ক্যাশবাক্স কখনওই সম্পূর্ণ খালি অবস্থায় রাখবেন না। সব সময় কিছু টাকা রেখে দেওয়া উচিত। বেশি পরিমাণ টাকা রাখা সম্ভব না হলেও অন্তত কয়েকটি মুদ্রা বা একটি নোট রেখে দিন।
- ক্যাশবাক্সে কোনও পুরনো বিল, ধার-দেনার কাগজ, অচল চাবি বা অপ্রয়োজনীয় কাগজপত্র জমিয়ে রাখবেন না। এর ফলে নেতিবাচক শক্তি বাড়ে।
- সন্ধ্যাবেলায় ঘরে ধূপ দেখানোর সময় ক্যাশবাক্সেও ধূপের ধোঁয়া দিতে পারেন। নোংরা হাতে ক্যাশবাক্স কখনওই স্পর্শ করবেন না।