সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সাধারণত অত্যন্ত প্রভাবশালী, উচ্চাকাঙ্ক্ষী এবং জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতার অধিকারী হন। এই সংখ্যার অধিপতি সূর্য, যা শক্তি, কর্তৃত্ব এবং সাফল্যের প্রতীক। এই জন্মসংখ্যার ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করে ধনী হতে পারেন, কিন্তু ক্রোধ এবং অহঙ্কার তাঁদের সর্বদা পিছিয়ে রাখে। ধনী হওয়ার প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন রাগ ও অহঙ্কার তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
সূর্যের প্রভাবে ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা যে কোনও কাজে নেতৃত্ব দিতে ভালবাসেন। এঁদের চিন্তাভাবনা অত্যন্ত স্পষ্ট হয় এবং এঁরা দূরদর্শী হন, যা ব্যবসা বা কর্মক্ষেত্রে সাফল্যের পথ খুলে দেয়। এঁরা সহজে হার মানেন না। কোনও লক্ষ্য স্থির করলে তা অর্জনের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করেন। এই জেদই তাঁদের বিপুল সম্পত্তির মালিক হতে সাহায্য করে। কারও অধীনে কাজ করার চেয়ে স্বাধীন ভাবে ব্যবসা করতে বা কোনও প্রতিষ্ঠানের শীর্ষে থাকতে পছন্দ করেন তাঁরা। কর্মক্ষেত্রে নতুন কোনও পরিকল্পনার মাধ্যমে এঁরা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।
আরও পড়ুন:
সূর্যের আলো ও উত্তাপ দেওয়ার ক্ষমতা থাকার পাশাপাশি অতিরিক্ত তাপ দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ক্ষমতাও রয়েছে। ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ক্ষেত্রেও সূর্যের তাপ নেতিবাচক শক্তি হিসাবে রাগ এবং অহঙ্কারের আকারে প্রকাশ পায়, যা এঁদের পেশাগত জীবনে আর্থিক ক্ষতি করে। সফলতার সিঁড়িতে ওঠার সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যক্তিদের মধ্যে সবজান্তা মনোভাব জেগে ওঠে। অহঙ্কারের কারণে তাঁরা অন্যের ভাল পরামর্শও শুনতে চান না। তার ফলে ব্যবসা বা কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা চান সব কিছু যেন তাঁদের মনের মতো এবং দ্রুত গতিতে হয়। সামান্যতম দেরি বা কাজে খামতি দেখলে এঁরা চট করে রেগে যান। কর্মক্ষেত্রে সহকর্মীদের উপর সেই রাগ বার করার ফলে ভাল সম্পর্ক নষ্ট হয়, যা পেশাগত জীবনে বৃদ্ধিতে বাধা দেয়। দলগত ভাবে কাজ করার ক্ষেত্রে তাঁরা অনেক সময় একনায়কের মতো আচরণ করতে শুরু করেন।
আরও পড়ুন:
অন্যের মতামতকে গুরুত্ব না দেওয়ার ফলে বিশ্বস্ত এবং দক্ষ কর্মচারীরা তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন। দক্ষ সহকর্মীদের অভাবে অনেক সময় পতনের মুখেও পড়তে হয়। ১ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজেদের সমালোচনা একদম পছন্দ করেন না। কেউ ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের পরিবর্তে রেগে যান। এই জেদের কারণে অনেক সময় ভুল বিনিয়োগ এঁরা টাকা ঢালতে থাকেন, যার ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের রাগ এবং অহঙ্কার নিয়ন্ত্রণ করতে পারার জন্য কয়েকটি সহজ প্রতিকার রয়েছে—
- প্রতি দিন সকালে সূর্য প্রণাম করে জল নিবেদন করলে শান্তি পাওয়া যায় এবং নেতিবাচক শক্তি দূর হয়।
- রাগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত প্রাণায়াম বা ধ্যান করা অত্যন্ত জরুরি। এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও নিখুঁত করে।
- রবিবার তামার পাত্রে জল খাওয়া বা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করলে সূর্যের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং রাগের তীব্রতা কমে।