সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিজস্ব কিছু ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। জন্মসংখ্যার মাধ্যমে সেই ব্যক্তিদের চরিত্র, মানসিকতা এমনকি তাঁদের জীবনের গতিপথের পর্যন্ত সম্যক ধারণা পাওয়া যায়। অন্য দিকে, প্রত্যেক ব্যক্তির সহজাত কিছু দুর্বলতা থাকে। জন্মসংখ্যা বিশ্লেষণের মাধ্যমে ১ থেকে ৯ মূলাঙ্কের জাতক-জাতিকাদের চারিত্রিক দুর্বলতা নিয়ে নীচে আলোচনা করা হল—
জন্মসংখ্যা ১
১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল সূর্য। এঁরা অন্যের মতামত সহজে গ্রহণ করতে চান না এবং সব সময় নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। কোনও কাজ দ্রুত না হলে অধৈর্য হয়ে পড়েন তাঁরা। ভুল প্রমাণিত হলেও সহজে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে চান না।
জন্মসংখ্যা ২
২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ চন্দ্র। সামান্য বিষয় নিয়েও এঁরা খুব তাড়াতাড়ি মনখারাপ করেন বা আঘাত পান। জটিল পরিস্থিতিতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং অন্যের উপর ভরসা করার প্রবণতা থাকে।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৩
৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। একই সঙ্গে একাধিক বিষয়ে মনোযোগ দেওয়ায় অনেক সময় কাজ অসম্পূর্ণ থেকে যায়। আবেগ বা শখের বশে অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলার প্রবণতা থাকে। নিজের ধারণাকে অতিরিক্ত সঠিক মনে করায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে।
জন্মসংখ্যা ৪
৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ রাহু। সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না তাঁরা। এর ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মাঝেমাঝে খামখেয়ালি বা জেদি আচরণ করে বসেন। ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজের উপর চাপ সৃষ্টি করেন।
জন্মসংখ্যা ৫
৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। এক জায়গায় বা এক কাজে বেশি দিন মন টেকে না তাঁদের। দ্রুত একঘেয়েমি চলে আসে। ভাবনাচিন্তা না করে তড়িঘড়ি করে আর্থিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বসেন। বাঁধাধরা নিয়মে থাকতে না চাওয়ায় অনেক সময় দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায়।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৬
৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শুক্র। পরিজন বা বন্ধুদের কাছ থেকে যা আশা করেন তা না পেলে গভীর ভাবে হতাশ হন। দৃশ্যমান রূপ এবং ভোগবিলাসে অতিরিক্ত আসক্ত হওয়ার ঝুঁকি থাকে। কেউ তাঁদের ভুল ধরিয়ে দিলে তা সহজে মেনে নিতে পারেন না।
জন্মসংখ্যা ৭
৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল কেতু। প্রতিটি বিষয় গভীর ভাবে বিশ্লেষণ করতে গিয়ে অতিরিক্ত মানসিক ক্লান্তিতে ভোগেন। নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা থাকে তাঁদের। এর ফলে একাকিত্ব তৈরি হয়। অনেক সময় অবাস্তব কল্পনার জগতে বাস করেন তাঁরা।
আরও পড়ুন:
জন্মসংখ্যা ৮
৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শনি। নিজের মনের কথা বা অনুভূতি স্পষ্ট ভাবে প্রকাশ করতে না পারায় অনেকে এঁদের কঠোর বা অনুভূতিহীন বলে মনে করে। কাজে বারংবার বাধা আসায় সহজেই হতাশায় ভেঙে পড়তে পারেন। পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে প্রায়ই সমস্যা হয় তাঁদের।
জন্মসংখ্যা ৯
৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। রাগ নিয়ন্ত্রণে রাখা এঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনও পরিস্থিতি ভাল করে না বুঝে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা পদক্ষেপ করার প্রবণতা থাকে। অন্যের পরামর্শ শুনলেও নিজের জেদ বজায় রাখার চেষ্টা করেন তাঁরা।