Advertisement
E-Paper

‘রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা স্পষ্ট দেখা যাচ্ছে’! বললেন মোদী, রিপোর্টে ‘পুলিশি নিপীড়নের’ অভিযোগের পরে মুখ খুললেন

পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সঙ্কট মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ ব্যর্থ হচ্ছে বলে শুক্রবার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১১:২১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা। শুক্রবার এনডিটিভি আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট’-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক রিপোর্টে ভারতে তরুণ প্রজন্মের আন্দোলনের উপর ‘পুলিশ দমনপীড়নের’ অভিযোগ তোলার পরেই এমন মন্তব্য শোনা গেল প্রধানমন্ত্রীর মুখ‌ে।

মোদী শুক্রবার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান সময়কালকে ‘দু’টি বিশ্বব্যবস্থার মধ্যবর্তী পর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন শক্তির উত্থান ঘটছে এবং ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল দেশগুলি)-এর কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসছে না।’’

পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সঙ্কট মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ ব্যর্থ হচ্ছে বলে শুক্রবার দাবি করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের মতো জরুরি কাজ দ্রুত শেষ করার কথাও বলেন। ঘটনাচক্রে, গত সপ্তাহেই বিরোধী দল ও তরুণ প্রজন্মের ‘ভোটচুরি’-আন্দোলনে পুলিশি দমনপীড়ন নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিশেষজ্ঞদের রিপোর্টের প্রশ্ন তোলা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের ‘শান্তিপূর্ণ সমাবেশ ও জমায়েতের অধিকার’ বিষয়ক বিশেষ দূত জিনা রোমেরো ওই রিপোর্ট পেশ করেছিলেন। তাতে বলা হয়েছিল, ভারতে যুবসমাজ যখন লিঙ্গভিত্তিক সমতা, ন্যায়বিচারের মতো বিষয় নিয়ে আলোচনা বা প্রতিবাদ করে, তখন তারা রাষ্ট্রীয় বা সামাজিক স্তরে প্রতিহিংসা, দমনপীড়ন ও কলঙ্কলেপনের মুখোমুখি হয়।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ চলতি সপ্তাহেই সেই রিপোর্ট খারিজ করেছেন। ঘটনাচক্রে, তার পরেই রাষ্ট্রপুঞ্জের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ চলতি সপ্তাহেই সেই রিপোর্ট খারিজ করেছেন। বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধি, বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তাম্রাকর জানান, মানবাধিকার প্রসঙ্গকে কোনও দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার করা বা বেছে বেছে কিছু নির্দিষ্ট দেশকে নিশানার উদ্দেশ্যে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ঘটনাচক্রে, তার পরেই রাষ্ট্রপুঞ্জের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
United Nations report United Nations Narendra Modi UNGA Gyanesh Kumar Delhi Protest CJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy