Advertisement
E-Paper

অরগ্যানজ়া শাড়ি, কুন্দনের লহরী হার, ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে কাজলের সাজ অগোছালো কিন্তু পরিপাটি

সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি। ছিমছাম হলেও নজর কেড়েছে অভিনেত্রীর সাজপোশাক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ২৩:২৪
কাজল।

কাজল। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম-এর বছরের বেস্ট অনুষ্ঠানে সেরার সম্মান পেলেন বলিউড অভিনেত্রী কাজল। সেই কারণেই ঝটিকা সফরে কলকাতা এসেছেন অভিনেত্রী। সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি। ছিমছাম হলেও নজর কেড়েছে অভিনেত্রীর সাজপোশাক।

চড়া রং নয়, কাজল পরেছিলেন অলিভ গ্রিন অরগ্যানজ়া শাড়ি। নায়িকার শাড়ি জুড়ে ছিল সোনালি জরির আড়াআড়ি কারুকাজ। সঙ্গে পরেছিলেন একই রঙের হাতকাটা ব্লাউজ়। বর্ষার মরসুমকে মাথায় রেখেই হয়তো এমন রং বেছে নিয়েছেন নায়িকা। শাড়িতেও কত সহজ-স্বাভাবিক থাকা যায়, বার বার তা মনে করিয়েছেন অভিনেত্রী। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। কাজলের সাজে আভিজাত্য এনেছে তাঁর পরনের কুন্দন-পোলকির লহরী হার। কানে ছিল কুন্দনের বড় কানপাশা।

নতুন প্রজন্মের নায়িকাদের মতো নো মেক আপ লুক পছন্দ নয় কাজলের। চোখে কাজল, গালে গোলাপি ব্লাশ, ঠোঁটে মেরুন লিপস্টিক, ব্রাউন আইশ্যাডো আর ব্রোঞ্জ হাইলাইটার দিয়েই রূপটান করেছিলেন কাজল। তাঁর মেক আপ উজ্জ্বল আর জেল্লাদার হলেও, চড়া ছিল না। চুলে ছিল অগোছালো খোঁপার বাঁধন।

‘বাজিগর’ হোক বা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘মাই নেম ইজ খান’— বারবার নিজের বলিষ্ঠ অভিনয়ে গোটা দেশের মন কেড়েছেন কাজল। অভিনয়ের পাশাপাশি তনুজার বড় কন্যার সাজপোশাকও তাঁর ভক্তদের কাছে ভীষণ পছন্দের। ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানেও কাজলের সাজ নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনার গুঞ্জনও শোনা গিয়েছে।

Bollywood Kajal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy