পরনে সবুজ অরগ্যানজ়া, চুলে অগোছালো খোঁপার বাঁধন, মুখে মৃদু হাসি! আনন্দবাজার ডট কম-এর বছরের বেস্ট ২০২৬-এর সেরার সম্মান হাতে তুলে নিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী কাজল।
বাংলাটি ঠিক করে বলতে না পারলেও মনেপ্রাণে খাঁটি বাঙালি তিনি। পুরস্কার দেওয়ার পর তাঁকে প্রশ্ন করা হল, ‘বাংলা ছবি’ দেখেন তো? প্রশ্ন শুনেই খানিকটা অস্বস্তিতে পড়লেন নায়িকা। মাথা নাড়িয়ে জবাব দিলেন, ‘‘না।’’ তবে বাংলা ছবি করতে তাঁর কোনও আপত্তি নেই, হাসি মুখে বললেন কাজল।
আরও পড়ুন:
-
২০১১ সালের মতোই একটা আশার আলো এসেছে, ‘বছরের বেস্ট’ বাঙালির পরিবর্তনস্পৃহার উদ্যাপন: অভীক সরকার
-
মায়ের শাড়ি কেটে তৈরি জ্যাকেটে নিখিতা, ‘বছরের বেস্ট’ সন্ধ্যায় সাজে নজর কাড়লেন আর কারা? বাছলেন পোশাকশিল্পী অভিষেক
-
অরগ্যানজ়া শাড়ি, কুন্দনের লহরী হার, ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে কাজলের সাজ অগোছালো কিন্তু পরিপাটি
মা তনুজা বাংলা ছবির এককালের অন্যতম সেরা নায়িকা। সেট হোক বা রোজের জীবন, তনুজা বরাবরই নিয়ম মেনে চলতে ভালবাসেন। বাংলা ছবির জগতে তিনি ছিলেন এক দাপুটে অভিনেত্রী। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? কাজলের জবাব, ‘‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’’
শাহরুখ খান থেকে সলমন খান, বলিপাড়ার বড় নায়কদের নায়িকা কাজল। কেউ কি কখনও কাজলকে বলেছেন তিনি ভীষণ কড়া, বড্ড বেশি অনুশাসনে রাখেন সবাইকে? কাজল বললেন, ‘‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যাঁরা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাঁদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’’