চিংড়ির মালাইকারি হোক বা নিরামিষ পদ— নারকেলের টাটকা দুধ রান্নায় দিলে স্বাদ বেড়ে যায় অনেকটাই। বাজারচলতি নারকেলের দুধ, নারকেলের গুঁড়ো এখন সহজেই মেলে। কিন্তু টাটকা নারকেল কুরিয়ে তা থেকে দুধ বার করে রান্নায় ব্যবহার করলে স্বাদ হয় সবচেয়ে ভাল। দুধ বার করার পরে নারকেলের সাদা ছিবড়ে অংশ পড়ে থাকে। এর মধ্যে দুধ বা ফ্যাট কোনওটাই আর তেমন থাকে না। সাধারণত তা ফেলেই দেওয়া হয়। তবে নারকেলের ছিবড়ে ফেলে না দিয়ে তা দিয়েই হতে পারে রান্না।
১। কড়াইয়ে বেশি করে ঘি দিন। নারকেলের ছিবড়ে অংশ দিয়ে নাড়াচাড়া করে নিন। গুড় যোগ করুন। স্বাদমতো নুন দিন। বাদামকুচি যোগ করুন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে একটি কাচের কৌটোয় ঘি মাখিয়ে, উপর থেকে সমান করে রাখুন। মিশ্রণটি ৩-৪ ঘণ্টা ঘরের তাপমাত্রায় রাখলেই হবে। তার পরে ছুরির সাহায্যে সন্দেশের মতো কেটে নিন।
আরও পড়ুন:
২। নারকেলে দিয়ে বড়াও বানিয়ে নিতে পারেন। নারকেলের ছিবড়ে অংশের সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাকুচি যোগ করুন। স্বাদমতো নুন দিন। হলুদ, লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। যোগ করুন বেসন। অল্প জল দিয়ে ভাল করে মাখুন। পাতলা হবে না। তার পরে বড়ার আকার দিয়ে ভেজে নিন।
৩। কড়াইয়ে নারকেলের ছিবড়ে অংশটি দিয়ে চিনি দিয়ে নাড়িয়ে নিন।মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগবে।নারকেলের অংশটি চিংড়ি বা নিরামিষ রান্নাতেও ব্যবহার করতে পারেন।