কেউ বলেন নোনতা সুজি, কেউ উপমা। সুজি এবং বিভিন্ন সব্জির মিশেলে তৈরি খাবারটি ছোট থেকে বৃদ্ধ যে কেউ খেতে পারেন। উপাদেয় এবং স্বাস্থ্যকর এই খাবার। উপমা বানানো কঠিন নয় মোটেই, কিন্তু কৌশলে ভুল হলে সুজি খুব সহজেই দলা পাকিয়ে যায়। তখন তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। কী ভাবে ঝরঝরে উপমা বানাবেন? কোন ভুল এড়াবেন?
আরও পড়ুন:
কড়াইয়ে ঘি দিন। ঘি গরম হলে সুজি ভাল করে ভেজে নিন। আঁচ কমিয়ে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে হবে। সুজি হালকা ভাজা হলে নামিয়ে রাখুন।
কড়াইয়ে সাদা তেল দিয়ে বাদাম ভেজে তুলে নিন। ফোড়নে দিন বিউলি এবং ছোলার ডাল, কারিপাতা, সর্ষে, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে গন্ধ ছড়ালে যোগ করুন মিহি করে কুচোনো পেঁয়াজ। চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। গাজর, কড়াইশুঁটি বা পছন্দের কোনও সব্জি যোগ করুন। তবে তা যেন একদম পাতলা করে কাটা হয়। সব্জি ভাল করে ভেজে নিন। দিয়ে দিন স্বাদমতো নুন, চিনি। এবার যোগ করুন ভেজে রাখা সুজি। সব্জির সঙ্গে সুজি ভাল করে নাড়াচাড়া করে অল্প করে জলের ছিটে দিয়ে রান্না করুন। একবার করে জল দিয়ে নাড়াচাড়া করুন, তার পরে ঢেকে দিন। এতে সুজি সেদ্ধ হয়ে যাবে সহজে। এই পর্যায়ে সুজি একটু দলাপাকানো মনে হতে পারে। তবে তা যদি ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয়, ধীরে ধীরে জল শুকোতে শুরু করবে। সুজি একসময়ে ঝরঝরে হয়ে যাবে।