পেঁয়াজ, রসুন দিয়ে কষিয়ে তেমন ভাবে গাঁটিকচু রাঁধলে, অনেকে বেশি ভাত খেয়ে ফেলতে পারেন! গাঁটিকচুর তরকারিতে কয়েকটি চিংড়ি দিলে তো কথাই নেই। তবে দম বা ভর্তার স্বাদের বাইরে অন্যরকম কিছু খেতে চাইলে বানিয়ে নিন গোলমরিচ কচু। অরুচির মুখেও নিমেষে খালি হবে ভাতের পাত।
উপকরণ
৩০০ গ্রাম গাঁটিকচু
১ টেবিলচামচ গোলমরিচ
আরও পড়ুন:
১টি বড় পেঁয়াজকুচি
৩-৪টি চেরা কাঁচালঙ্কা
৪-৫ কোয়া রসুনকুচি
সামান্য একটু ধনেপাতাকুচি
আধ চা-চামচ পাতিলেবুর রস
স্বাদমতো নুন
১ চা-চামচ ঘি
১ চা-চামচ সাদা তেল
প্রণালী: গাঁটিকচু ধুয়ে নিয়ে খোসা-সহ প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। কচু সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে লম্বা করে দু’টি টুকরো করে নিন।
কড়াইয়ে সাদা তেল এবং ঘি গরম হলে দিয়ে দিন রসুনকুচি, পেঁয়াজকুচি। নুন দিয়ে হালকা ভাজা নিন। যোগ করুন সেদ্ধ করে রাখা কচু। আবার স্বাদমতো নুন যোগ করুন। আঁচ কমিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিয়ে যোগ করুন চেরা কাঁচালঙ্কা এবং ধনেপাতাকুচি। উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস। ভাল করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলেই রান্না প্রস্তুত। খেয়াল রাখতে হবে কচু যেন সুসিদ্ধ হয়। মাখো মাখো ভাব আসাটা খুব জরুরি। এই খাবার পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।