Advertisement
E-Paper

সতীর্থের বলে বিপদে পড়লেন কোহলি! সমস্যায় পড়লেন রোহিতও, কী হল ভারতীয় দলের অনুশীলনে?

রবিবার পাশাপাশি দু’টি নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গুরনুর ব্রার, অনশুল কম্বোজ এবং আকিব নবি বল করছিলেন তাঁদের। নিউ জ়িল্যান্ডের স্থানীয় কয়েক জন জোরে বোলারও ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৩:৫৭
Picture of Cricket

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: এক্স।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মারা। সকলেই পৌঁছে গিয়েছেন নিউ জ়িল্যান্ডে। রবিবার সকালের অনুশীলনে শুভমন ছাড়া সকলে উপস্থিত ছিলেন। নেটে ব্যাট করার সময় বেশ হতাশ দেখিয়েছে কোহলিকে।

পাশাপাশি দু’টি নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন কোহলি এবং রোহিত। ভারতীয় দলের তিন সতীর্থ গুরনুর ব্রার, অনশুল কম্বোজ এবং আকিব নবি বল করছিলেন তাঁদের। নিউ জ়িল্যান্ডের স্থানীয় কয়েক জন জোরে বোলারও ছিলেন। গুরনুর পিচের বাউন্স কাজে লাগিয়ে বেশ কিছু খাটো লেংথের বল করেন কোহলি এবং রোহিতকে। দু’জনেই তাঁর বল ভাল ভাবে সামলে দিয়েছেন। কম্বোজ লাইন, লেংথ বজায় রেখে বল করেছেন। নিউ জ়িল্যান্ডের বোলারদের খেলতেও তেমন সমস্যা হয়নি। তবে নবির সামনে অস্বস্তিতে পড়েন কোহলি।

নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে বেশ ভাল বল করেছেন নবি। প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্তে জম্মু-কাশ্মীরের জোরে বোলারকে নেওয়া হয়েছে এক দিনের সিরিজ়ের দলেও। সেই নবি বলে বলে বিপদে ফেললেন কোহলিকে। প্রথম বেসরকারি টেস্টে নবির সুইং সমস্যায় ফেলেছিল কিউয়ি ব্যাটারদের। একইরকম সমস্যায় পড়লেন কোহলিও।

একটি সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নবির বেশ কিছু বল কোহলি এবং রোহিতের ব্যাটের কানায় লেগে পিছনে চলে গিয়েছে। তাঁর ইন সুইং এবং আউট সুইং সামলাতে বেশ বেগ পেয়েছেন তাঁরা। নবির কয়েকটি বল ভিতরে ঢুকে কোহলির প্যাড বা থাই প্যাডেও লেগেছে। অনুশীলনে কয়েকটি ভাল শট খেললেও নবির বলে সমস্যায় পড়া কোহলিকে কিছুটা হতাশ দেখিয়েছে। কোহলি হতাশ হলেও নবির বলে অনুশীলন থামাননি। পাশের নেটে থাকা রোহিতের সঙ্গে রসিকতাও করেছেন। নিজের ব্যাটিং নিয়ে সমান্য বিরক্ত হলেও অনুশীলনে ছিলেন ফুরফুরে মেজাজে। দেখে বোঝা যাচ্ছিল, নবির বলে কঠিন পরীক্ষা দিতে হলেও তিনি খুশি।

শুধু কোহলি নন, নবির বল খেলতে সমস্যায় পড়েছেন রোহিতও। তিনিও কয়েক বার নবির আউট সুইংয়ে পরাস্ত হয়ে খোঁচা দিয়েছেন বলে। কোহলি এবং রোহিতের পর ব্যাটিং অনুশীলন করেন লোকেশ রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড়। এক দিনের সিরিজ়ের প্রস্তুতির জন্য রাহুল ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলেননি। তবে রবিবার সকালের অনুশীলনে শুভমনের অনুপস্থিতি নিয়ে কিছু জানা যায়নি।

Virat Kohli Rohit Sharma Net Practice ODI India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy