সুযোগ পেলেই খেলতে চাইছেন রোহিত শর্মা। তাঁর লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। কিন্তু যেহেতু রোহিত এখন শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলেন, তাই দেশের জার্সিতে সুযোগ কম থাকে। তাই প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না রোহিত। সেই কারণেই ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাঁকে। ডিসেম্বর মাসে বিজয় হজারে ট্রফিতে খেলবেন রোহিত।
আপাতত এক দিনের সিরিজ় খেলতে নিউ জ়িল্যান্ডে রোহিত। সেখান থেকে ফেরার পর ১৩ থেকে ১৯ ডিসেম্বর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন তিনি। সেই মাসেই বিজয় হজারে। শ্রীলঙ্কা সিরিজ় শেষ হলেই ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে পড়বেন তিনি। মুম্বই ক্রিকেট সংস্থাকে এ কথা জানিয়েছেন রোহিত।
১৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিজয় হজারের গ্রুপ লিগের খেলা চলবে। ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হবে নক আউট পর্ব। ৩ জানুয়ারি থেকে আবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে এক দিনের সিরিজ় শুরু ভারতের। সেখানেও খেলবেন রোহিত। ফলে বিজয় হজারের শুরুর ও শেষের দিকের কয়েকটি ম্যাচ বাদে মুম্বইয়ের হয়ে খেলতে রোহিতের সমস্যা হবে না।
আরও পড়ুন:
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক বলেন, “রোহিত আমাদের জানিয়েছে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের পর ও বিজয় হজারে খেলতে চায়। আমরা যেন দল তৈরির সময় ওর কথা ভাবি। তবে কতগুলো ম্যাচের জন্য ওকে পাওয়া যাবে, সেটা রোহিত পরে আমাদের জানাবে।”
এই মরসুমেই প্রথম নয়, গত মরসুমেও বিজয় হজারেতে মুম্বইয়ের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন রোহিত। ২০১৮ সালের পর গত বারই প্রথম বার ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সিকিমের বিরুদ্ধে ৯৪ বলে ১৫৫ রান করলেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তবে রোহিত যে এক দিনের বিশ্বকাপ খেলতে কতটা মরিয়া তা তাঁর এই সিদ্ধান্ত দেখেই বোঝা যাচ্ছে। প্রস্তুতির কোনও সুযোগ ছাড়তে চাইছেন না তিনি।