টি-টোয়েন্টি সিরিজ় হারতে হয়েছে। বুধবার থেকে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামছে নিউ জ়িল্যান্ড। এই সিরিজ়ের আগে ভারতের দুই ক্রিকেটারকে ভয় পাচ্ছে নিউ জ়িল্যান্ড। ম্যাচের আগে তা জানিয়ে দিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউ জ়িল্যান্ডের ভয় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। স্যান্টনার জানেন রোহিত ও কোহলিকে দেখতে ভিড় জমবে মাঠে। তাই ভারত বাড়তি সমর্থন পাবে। প্রথম এক দিনের ম্যাচের আগে তিনি বলেন, “একটু তো ভয় লাগছেই। আপনারা জানেন, ওদের দেখতে ভিড় হয়। ওরা তারকা। রোহিত ও বিরাট ব্যাট করলে ভারত বাড়তি সমর্থন পায়।”
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ফর্মে ছিলেন রোহিত ও কোহলি। দু’জনেই শতরান করেছেন। রোহিত তিন ম্যাচে ২২৫ ও কোহলি তিন ম্যাচে ১৬৮ রান করেছেন। ফলে তাঁরা যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা জানেন স্যান্টনার।
আরও পড়ুন:
সেই কারণেই দুই ব্যাটারকে থামানো যে কতটা দরকার সেটা বোঝেন স্যান্টনার। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক বলেন, “আমরা জানি, ওরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখনও ওরা এত ভাল খেলছে। ওদের থামানোর পথ খুঁজতেই হবে। আশা করছি, ইনিংসের শুরুতেই ওদের থামিয়ে দিতে পারব।”
রোহিত, কোহলি ছাড়াও শুভমনের কথাও শোনা গিয়েছে স্যান্টনারের মুখে। এই তিন জন ভাল খেললে যে আর কারও দরকার পড়বে না তা জানেন তিনি। স্যান্টনার বলেন, “ওরা নিজেদের কাজটা করে। রোহিত শুরু থেকে আক্রমণ করে। শুভমন ও বিরাট বড় ইনিংস খেলার লক্ষ্যে নামে। তাই ওদের তাড়াতাড়ি ফেরাতে না পারলে আমাদের উপরেই চাপ বাড়বে।”