গোটা বিশ্বের বহু উঠতি ক্রিকেটারের আদর্শ তাঁরা। অনেকেই তাঁদের খেলা দেখে নিজেদের তৈরি করেছেন। রাচিন রবীন্দ্রও তাঁদের মধ্যে একজন। নিজের সাফল্যের নেপথ্যে তিনি উল্লেখ করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির কথা। জানিয়েছেন, কী ভাবে দুই ক্রিকেটারকে আদর্শ করে সাফল্য পেয়েছেন তিনি।
নভেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলবেন রোহিত, কোহলি। সেখানে রাচিনের সঙ্গেও দেখা হবে। তার আগে কিউয়ি অলরাউন্ডার বলেছেন, “গোটা বিশ্বে যারাই ক্রিকেট অনুসরণ করেছে তারাই রোহিত এবং বিরাটকে নিয়ে পাগল। আমিও তাদের মধ্যে একজন। দীর্ঘ দিন ধরে ওরা ভাল খেলছে, ট্রফি জিতেছে এবং অসাধারণ মুহূর্ত তৈরি করার পথে ধারাবাহিক থেকেছে। অনেক বছর ধরে ওরা আমার আদর্শ। নিজের ব্যাটিং আরও ক্ষুরধার করা এবং ছোটখাটো জিনিস ওদের থেকেই শিখেছি।”
দুই ব্যাটারের দু’টি গুণের কথা উল্লেখ করেছেন রাচিন। বলেচেন, “যে ভাবে বাউন্স সহায়ক পিচে কোহলি খেলে এবং যে ভাবে রোহিত স্পিনারদের আক্রমণ করে, তা আমাকে অনেক দিক থেকে অনুপ্রাণিত করেছে। টেকনিকের বাইরেও ওদের জেদ এবং দায়বদ্ধতায় আমি মুগ্ধ।”
আরও পড়ুন:
রাচিনের সংযোজন, “কঠিন পরিস্থিতিতে শতরান করতে পারে বিরাট। রোহিত স্বাভাবিক ভঙ্গিতে, ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। এই গুণগুলো আমি ওদের দু’জনের থেকেই নেওয়ার চেষ্টা করি। এত বছর ধরে ওদের ভাবনাচিন্তা অনুসরণ করতে পেরে দারুণ লেগেছে।”