Advertisement
E-Paper

ইউএস ওপেনের ফাইনালে উঠে নজিরের সামনে সাবালেঙ্কা, খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ রিবাকিনা

তৃতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে টানা তিন বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অ্যারিনা সাবালেঙ্কার সামনে। এমন নজির রয়েছে শুধু ক্রিস এভার্ট এবং সেরিনা উইলিয়ামসের।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১
Picture of Tennis

(বাঁ দিকে) অ্যারিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা এবং দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা। সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং চতুর্থ বাছাই কোকো গফ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন আমেরিকার দুই টেনিস খেলোয়াড়ই।

মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে সহজ জয় পেয়েছেন সাবালেঙ্কা। তাঁর সামনে তেমন প্রতিরোধ গড়তে তুলতে পারেননি পেগুলা। ম্যাচের ফল সাবালঙ্কার পক্ষে ৭-৫, ৬-২। বেলারুশের সাবালেঙ্কা গত দু’বারের ইউএস চ্যাম্পিয়ন। এ বার জিততে পারলে চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করবেন। এই কৃতিত্ব রয়েছে শুধু ক্রিস এভার্ট এবং সেরিনা উইলিয়ামসের। তৃতীয় খেলোয়াড় হিসাবে টানা তিন বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হবেন সাবালেঙ্কা। তবে তাঁকে ফাইনালে লড়াই করতে হবে দ্বিতীয় বাছাই রিবাকিনার বিরুদ্ধে। যিনি পিছিয়ে পড়েও হারিয়েছেন গফকে। মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে রিবাকিনার পক্ষে ফল ৩-৬, ৬-৪, ৬-৪। শেষ চারের লড়াইয়ে পেগুলাকে দাঁড়াতেই দেননি সাবালেঙ্কা। ঘরের চেনা কোর্টেও তাঁর শক্তিশালী সার্ভিস এবং পাওয়ার টেনিসের জবাব দিতে পারেননি আমেরিকার খেলোয়াড়। ফাইনালে ওঠার পর প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার উচ্ছ্বাস ধরা পড়েছে সাবালেঙ্কার কথাতেও। পেগুলার বিরুদ্ধে ২৯টি উইনার মারার পর তিনি বলেছেন, ‘‘এমন টেনিস খেলতে পারায় আমি ভীষণ খুশি। ম্যাচটা জেতার জন্য মরিয়া ছিলাম। যে কোনও মূল্যে জিততে চেয়েছিলাম।’’ ম্যাচের প্রথম ১০টি গেমে সমানে সমানে লড়াই হয়েছে। প্রথম সেটে ৬-৫ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিয়ে নেন সাবালেঙ্কা। পেগুলাকে কোর্টে কোণঠাসা করে ফেলেন। ম্যাচ শেষ করেন শক্তিশালী ফোরহ্যান্ডে। চেষ্টা করেও কাছাকাছি পৌঁছোতে পারেননি পেগুলা।

অন্য সেমিফাইনালে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিবাকিনা এবং গফের মধ্যে। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন গফ। ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ লেগেছে রিবাকিনাকে। তবে খেলা যত এগিয়েছে, তত ফর্মে ফিরেছেন কাজ়াখস্তানের টেনিস খেলোয়াড়। শক্তিশালী সার্ভিস কাজে লাগিয়ে ক্রমশ চাপে ফেলে দেন গফকে। চাপের মুখে বেশ আনফোর্সড এরর এবং চারটি ডবল ফল্ট করেছেন গফ। দ্বিতীয় সেট রিবাকিনা ৬-৪ ব্যবধানে জিতে নেওয়ার পর তৃতীয় সেটে মরিয়া চেষ্টা করেন আমেরিকার খেলোয়াড়। রিবাকিনার একটি সার্ভিসও ভাঙেন গফ। কিন্তু দু’বার নিজের সার্ভিস ধরে রাখতে পারেননি। তৃতীয় সেটের লড়াই নিয়ে রিবাকিনা বলেছেন, ‘‘তৃতীয় সেটে কঠিন লড়াই হয়েছে। আমার ভাগ্য একটু ভাল ছিল। বিশেষত গফের সার্ভিসের সময়। দু’টো ভাল রিটার্ন করতে পেরেছি। তার একটায় গফের শট কোর্টের বাইরে পড়ে। ওটাই আমায় সুবিধা করে দিয়েছে।’’

শনিবারের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় রয়েছেন টেনিসপ্রেমীরা। এখনও ইউএস ওপেন জিততে পারেননি রিবাকিনা। সাবালেঙ্কা জিতেছেন টানা দু’বার। প্রথম বার চ্যাম্পিয়ন হয়ে সাবালেঙ্কার হ্যাটট্রিকের আশায় জল ঢেলে দিতে পারেন রিবাকিনা।

final Elena Rybakina Aryna Sabalenka Tennis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy