চিনের বিপ্লবী নেতা মাও জ়ে দংকে নিয়ে মশকরা করে একটি মন্তব্য করেছিলেন তিনি। তার জেরে বেশ সমস্যায় পড়লেন কিলিয়ান এমবাপে। চিন আগেই প্রতিবাদ জানিয়েছিল। এ বার চিনের একের পর এক সংস্থা এমবাপের সঙ্গে চুক্তি বাতিল করার কথা ঘোষণা করতে শুরু করেছে। লা লিগার সঙ্গেও চিনা সংস্থাগুলির সম্পর্ক শেষ হতে পারে। তা বাঁচাতে আসরে নামতে হয়েছে সংস্থার সভাপতিকে। বিতর্কের মধ্যে ক্ষমা চেয়েও সমস্যা মিটছে না এমবাপের।
মঙ্গলবার রাতের দিকে এমবাপে লেখেন, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখন বুঝতে পেরেছি গোটা বিশ্বের কত চিনা এবং চিনা সম্প্রদায়কে দুঃখ দিয়েছি। যাঁরা ব্যথিত, তাঁদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। এমন বলা একদমই আমার ইচ্ছা ছিল না। চিনের মানুষ এবং তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি মন থেকে দুঃখিত।”
যদিও চিনের তিনটি সংস্থা মঙ্গলবারই জানিয়েছে, তারা এমবাপের সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছে। তিনটি সংস্থা প্রায় একই রকম বিবৃতি দিয়েছে যার মূল বক্তব্য, দেশের মানুষের ভাবাবেগকে আঘাত দিয়েছেন এমবাপে। পরে ফুটবলের ভিডিয়ো গেমের নির্মাতা একটি চিনা সংস্থা এমবাপে সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ছবি সরিয়ে দিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে।
চিনে স্পেনের লিগের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি লা লিগার সঙ্গে যুক্ত থাকা চিনা সংস্থাগুলিও চুক্তি বিচ্ছেদ করতে পারে। এই অবস্থায় স্পেনে চিনের রাষ্ট্রদূত ইয়াও জিংয়ের সঙ্গে দেখা করেছেন লা লিগার সভাপতি জেভিয়ার তেবাস। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, চিনের সংস্থাগুলির সঙ্গে একসঙ্গে কাজ করতে চান। স্পেনের ফুটবলের প্রতি চিনের মানুষের যে ভালবাসা এবং আকর্ষণ তৈরি হয়েছে, তা একজন মানুষের মন্তব্যের কারণে শেষ হবে না বলেই তাঁর আশা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সমাজমাধ্যমে একটি মিম রয়েছে। তাতে চিনের প্রাক্তন প্রেসিডেন্ট জ়ে দংয়ের ছবিতে বসানো রয়েছে এমবাপের মুখ। মিমটি ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে বেশ জনপ্রিয়। তার পর থেকে তাঁরা এমবাপের নাম দেন ‘ডিক্টেটর’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপে জানিয়েছেন, মিমটি তাঁরও পছন্দের। এই পর্যন্ত সমস্যা ছিল না। কিন্তু এর পরই রিয়্যাল মাদ্রিদ তারকা একটি বেফাঁস মন্তব্য করে বসেন। এমবাপে বলেন, ‘‘উনি যেন কে একটা। মনে হয় চিনের কোনও ডিক্টেটর।’’
আরও পড়ুন:
এমবাপের এই মন্তব্যেই রেগে লাল চিনারা। জ়ে দংকে ‘ডিক্টেটর’ (স্বৈরশাসক) বলা তাঁদের একদমই পছন্দ হয়নি। তাঁদের মতে, সঠিক তথ্য না জেনে এমবাপে জ়ে দংকে কটাক্ষ করেছেন। এতে চিনের জাতীয় স্বার্থে আঘাত লেগেছে এবং দেশের অপমান হয়েছে। চিনাদের প্রশ্ন, জ়ে দঙের মতো সম্মাননীয় ব্যক্তিত্বের ছবিতে কেন এমবাপের মুখ ব্যবহার করা হবে? যদিও এতে ফরাসি তারকার কোনও হাত নেই। তিনি সমস্যায় পড়েছেন জ়েদংকে ‘ডিক্টেটর’ বলে।
ফুটবলার এমবাপে চিনে বেশ জনপ্রিয়। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে বেশ কয়েকটি সংস্থা। তাদের কিছু পণ্যের প্রচার দূত এমবাপে। চিনের বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন করতেন তিনি। কিন্তু দেশের মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ায় চিনের অন্তত তিনটি সংস্থা এমবাপের সঙ্গে চুক্তি বাতিল করেছে। সংস্থাগুলিও এমবাপের এই মন্তব্যে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। সূত্রের খবর, এনার্জি ড্রিঙ্ক ডংপেং, দুগ্ধজাত পণ্য মেংনিউ এবং চিজ় উৎপাদনকারী মিল্কগ্রাউন্ড এমবাপের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি বাতিল করেছে। আরও কয়েকটি সংস্থা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকা ক্ষতি হতে পারে এমবাপের। যদিও তাঁর ঠিক কত টাকা ক্ষতি হবে, তা জানা যায়নি।