Advertisement
E-Paper

এশিয়ান গেমসের আগে বিপাকে পাথিরাগে, বিমান সংস্থার দোষে তিনটি জ্যাভলিনই ভেঙে গিয়েছে শ্রীলঙ্কার অ্যাথলিটের

চলতি মরসুমে দারুণ ফর্মে রয়েছেন রুমেশ পাথিরাগে। ১২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টিতে সোনা জিতেছেন। রোমে ৯২.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। পরে জুরিখে ৯২.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০
Picture of Sports

রুমেশ পাথিরাগে। ছবি: এক্স।

এশিয়ান গেমসের আগে বিপাকে এই মুহূর্তে এশিয়ার সেরা জ্যাভলিন থ্রোয়ার শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। ৯০ মিটার অতিক্রম করা তাঁর তিনটি জ্যাভলিনই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রতিযোগিতা জিতে দেশে ফেরার সময় বিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাথিরাগের প্রিয় জ্যাভলিনগুলি।

বিশ্বের অন্যতম সেরা জ্যাথভিন থ্রোয়ার হিসাবে উঠে এসেছেন পাথিরাগে। নীরজ চোপড়া, আরশাদ নাদিমেরাও তাঁকে সমীহ করেন। কিছু দিন আগে ডায়মন্ড লিগের পর বিশ্ব অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। সেই প্রতিযোগিতার পর হাঙ্গেরি থেকে দেশে ফেরার সময় বিমানে তাঁর প্রিয় তিনটি জ্যাভলিনই ভেঙে গিয়েছে। এই ঘটনায় হতাশ এবং ক্ষুব্ধ পাথিরাগে অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট বিমান সংস্থাকে।

সমাজমাধ্যমে তিনটি ভাঙা জ্যাভলিনের ছবি পোস্ট করে পাথিরাগে লিখেছেন, ‘‘ধন্যবাদ তুর্কি এয়ারলাইন্স। ভাগ্যটাই খারাপ।’’ শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘যে তিনটি জ্যাভলিন ছুড়ে ৯০ মিটার পার করেছি, সেই তিনটি জ্যাভলিনই ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হচ্ছে, বিমান সংস্থার ভুলের জন্যই হয়েছে। কী আর করা যাবে। যা হওয়ার হয়েছে। আমি সামনের দিকে তাকাতে চাই।’’

বিশ্ব অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপে ৯১.০৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন পাথিরাগে। চলতি মরসুমে দারুণ ফর্মে রয়েছেন। ১২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টিতে সোনা জিতেছেন। ২৩ বছরের অ্যাথলিট রোমে ৯২.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। পরে জুরিখে ৯২.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। গোটা বিশ্বের সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরসুমে ১০টি সেরা জ্যাভলিন থ্রোয়ের আটটিই পাথিরাগের। সেরা তিনটিও তাঁর। এশিয়ার এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার আপাতত এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত। তাঁর লক্ষ্য আগামী অলিম্পিক্স থেকে শ্রীলঙ্কাকে সোনা দেওয়া।

Javelin Throw Asian Games 2026 Sri Lanka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy