বিশ্বের প্রথম কৃত্রিম মেধাচালিত বা এআই স্মার্টফোন তৈরি করে ফেলল চিন! ২০২৩ সালে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের প্রাক্তন কর্মীদের তৈরি চিনা এআই স্টার্টআপ সংস্থা ‘স্টেপফান’ বিশ্বের প্রথম বাজার উপযোগী এআই স্মার্টফোনটি তৈরি করেছে। ফোনটির নাম ‘স্টেপএক্স নিও’। উল্লেখ্য, আমেরিকার এআই সংস্থা ওপেনএআই-এর সঙ্গে অ্যাপলের সাম্প্রতিক আইনি লড়াই যখন সিলিকন ভ্যালির প্রযুক্তি বাজারের প্রতিযোগিতাকে জটিল করে তুলেছে, ঠিক তখনই চিনা স্টার্টআপ সংস্থাটি বিশ্বের প্রথম এআই স্মার্টফোন তৈরির কথা জানিয়েছে।
সোমবার সাংহাইয়ের লঞ্চ ইভেন্টে স্টেপএক্স নিও ফোনটি প্রকাশ্যে এনেছে স্টেপফান। ফোনটিতে ‘স্টেপ আমু’ নামে একটি বিল্ট-ইন এআই এজেন্ট রয়েছে, যা সংস্থার নিজস্ব অপারেটিং সিস্টেম ‘স্টেপ এওএস’-এর উপর ভিত্তি করে সব গুরুত্বপূর্ণ কাজ নিজে থেকেই সম্পন্ন করতে সক্ষম। জানা গিয়েছে, ‘স্টেপ আমু’ এআই মডেলটি নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কাজ করতে সক্ষম এবং সাধারণ ভাষায় করা একটিমাত্র অনুরোধের ভিত্তিতে একাধিক ধাপের কাজ সহজেই করতে পারে।
স্টেপ এওএস অপারেটিং সিস্টেমটি কৃত্রিম মেধার এজেন্টদের জন্য বিশেষ ভাবে তৈরি একটি অপারেটিং সিস্টেম। এটি স্টেপএক্স ব্র্যান্ডের নিজস্ব অপারেটিং সিস্টেম, যাকে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম এআই টার্মিনাল ব্র্যান্ডের তকমা দিয়েছে। মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অপারেটিং সিস্টেমটি।
স্টেপফানের দাবি, বাজারে চালু স্মার্টফোনগুলি ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের যেমন প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ খুলতে হয়, স্টেপএক্স নিও ফোনের ক্ষেত্রে তেমনটা করতে হবে না। ফোনটি এআই এজেন্টদের কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ফলে কেবলমাত্র নির্দেশের ভিত্তিতে কৃত্রিম মেধা নিজে থেকেই সমস্ত কাজ করবে। ফোনটি ব্যবহারকারীর অনুরোধ বুঝতে, একাধিক পরিষেবার মধ্যে সমন্বয় করতে এবং জটিল কাজগুলি স্বয়ংক্রিয় ভাবে সম্পাদন করতে সক্ষম।
স্টেপফান প্রধান চিনা ডিজিটাল পরিষেবা অ্যাপগুলির সঙ্গে সমন্বয়ের কথাও ঘোষণাও করেছে, যার মধ্যে রয়েছে টাকা পয়সা, ভ্রমণ, এবং অন-ডিমান্ড পরিষেবা সংক্রান্ত একাধিক অ্যাপ। এর ফলে ফোন ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্মে নির্বিঘ্নে কাজ করতে পারবে এআই এজেন্টটি।
এআই হার্ডওয়্যারে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে মতবিরোধের জন্ম দিয়েছে। গত সপ্তাহে দায়ের করা একটি মামলায় অ্যাপল ওপেনএআই-এর বিরুদ্ধে তাদের অপ্রকাশিত পণ্য সম্পর্কিত বাণিজ্যিক গোপনীয়তা চুরির জন্য প্রাক্তন কর্মীদের নিয়োগ করার অভিযোগ এনেছে। উল্লেখ্য, ওপেনএআই গত বছর চ্যাটজিপিটি-র জন্য নিজস্ব হার্ডওয়্যার তৈরি করতে অ্যাপলের প্রাক্তন ডিজ়াইন প্রধান জনি আইভের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেছিল।
কিন্তু যখন মার্কিন সংস্থাগুলি আইনি লড়াইয়ে ব্যস্ত, তখনই বিশ্বের প্রথম এআই স্মার্টফোন তৈরি করে হইচই ফেলল চিন। যদিও স্মার্টফোনটি বাজারে কবে আসবে বা তার দম কত হবে, তা স্পষ্ট করেননি স্টেপফানের প্রতিষ্ঠাতা তথা সিইও ইন কি।