Advertisement
E-Paper

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮, রহস্য মোড়া প্রো ও প্রো ম্যাক্স মডেলে থাকছে কত বড় ব্যাটারি?

চলতি বছরের সেপ্টেম্বরে ১৮ সিরিজ়ের আইফোন ভারতের বাজারে আনছে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। সংশ্লিষ্ট মডেলগুলিতে কতটা শক্তিশালী ব্যাটারি পাবেন গ্রাহক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১৮:৫৭
Representative Picture

—প্রতীকী চিত্র।

আইফোনের ব্যাটারি ঘিরে রহস্য! বিদ্যুৎ পরিবাহী ওই ডিভাইসের আকার সহজে প্রকাশ করতে নারাজ নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। এ বছরের সেপ্টেম্বরে ১৮ সিরিজ়ের আইফোন বাজারে আনছে তারা। তার আগে ঘুরপথে জানা গিয়েছে মডেল ভিত্তিক ব্যাটারির আকার। আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

বর্তমানে আইফোনের বাণিজ্যিক উৎপাদনের সিংহভাগই হয়ে থাকে চিনে। সেখানকার আইন অনুযায়ী, মুঠোবন্দি ডিভাইসে ব্যাটারি ভরার আগে থ্রিসি শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক। এটিকে পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বলা যেতে পারে। এর মাধ্যমে গ্রাহক সুরক্ষা, ব্যবহারকারীর স্বাস্থ্য, পরিবেশ দূষণ বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলি সুনিশ্চিত করে থাকে বেজিং।

এ-হেন থ্রিসি শংসাপত্র অনুযায়ী, বাজারে আসতে চলা আইফোন ১৮ প্রোর ই-সিম মডেলে থাকবে ৪,২৮৮ এমএএইচের ব্যাটারি। অন্য দিকে, সাধারণ সিম কার্ড থাকলে ৪,০৫৬ এমএএইচের ব্যাটারি পাবেন গ্রাহক। আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্ষেত্রে ই-সিম মডেলে থাকবে ৫,৫৬৭ এমএএইচ ব্যাটারি।

একই ভাবে সাধারণ সিম কার্ডের প্রো ম্যাক্স ব্যবহারকারী পাবেন ৫,৩৯১ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ, আগের তুলনায় প্রো ম্যাক্স মডেলে ব্যাটারির আকার ৫০০ এমএএইচ বৃদ্ধি করেছে নির্মাণকারী বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল।

বিশেষজ্ঞদের দাবি, ভারতের বাজারে ১৮ সিরিজ়ের আইফোনের দাম ৮৮,৯৯০ টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মডেল ভেদে তাতে যে ব্যাপক তারতম্য দেখা যাবে, তা বলাই বাহুল্য। আইফোন ১৮ প্লাসের প্রারম্ভিক মূল্য হতে পারে ৯৯,৯৯০ টাকা। সেখানে আইফোন প্রো, প্রো ম্যাক্সের মতো ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে গ্রাহককে।

iphone Apple Smartphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy