স্মার্টফোনের মন্দা বাজার। এর জেরে বিশ্ব জুড়ে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চিনা সংস্থা ওয়ানপ্লাস। ভারতে কি তা হলে আর পাওয়া যাবে না তাদের তৈরি মুঠোবন্দি ডিভাইস? ফোন খারাপ হলে কোথায় যাবেন গ্রাহকেরা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
সূত্রের খবর, স্মার্টফোনের বিক্রি মারাত্মক ভাবে কমে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ব্যবসা বন্ধ করছে ওয়ানপ্লাস। উৎপাদন থেকে আফটার সেল সার্ভিস কোনও কিছুই দেবে না ওই চিনা সংস্থা। ফলে ফোন খারাপ হলে ওপোর সার্ভিস সেন্টারে গ্রাহকদের যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।
আরও পড়ুন:
তবে ভারত ও চিনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট দুই রাষ্ট্রে এখনও নতুন ডিভাইস আনার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, এ দেশে হয়তো আর ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনবে না ওয়ানপ্লাস। তার জায়গায় বাজেট-বান্ধব ডিভাইসে বাজার কাঁপানোর চেষ্টা করতে দেখা যেতে পারে তাদের।
প্রযুক্তিবিদদের অনুমান, আগামী দিনে ভারতে এন সিরিজ়ের আরও কিছু স্মার্টফোন আনবে ওয়ানপ্লাস। পাশাপাশি, নর্ড সিরিজ়ের ডিভাইসও পেতে পারেন গ্রাহক। তা ছাড়া নতুনের বদলে পুরনো স্মার্টফোন বিক্রিতে জোর দিতে দেখা যেতে পারে তাদের।
আরও পড়ুন:
র্যাম ও স্টোরেজের মতো যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মুঠোবন্দি ডিভাইসের দাম। ফলে বিশ্ব জুড়ে হু-হু করে কমছে স্মার্টফোন বিক্রির সূচক। চলতি বছরের (২০২৬) দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল থেকে মে) সংশ্লিষ্ট পণ্যটির আমদানি-রফতানি হ্রাস পেয়েছে প্রায় ১১ শতাংশ।
এই পরিস্থিতিতে একমাত্র নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হচ্ছে অ্যাপ্ল নির্মিত আইফোন। সারা দুনিয়ার ফোন বাজারের ২০ শতাংশ রয়েছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্টের দখলে। তবে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে আইফোনের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে তারাও।