বাজারে এ বার তিন ভাঁজের স্মার্টফোন আনছে ওপো! সেই লক্ষ্যে জোরকদমে চলছে পরীক্ষা-নিরীক্ষার কাজ। গত বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে এই ধরনের মুঠোবন্দি ডিভাইস এনে হইচই ফেলে দেয় দক্ষিণ কোরিয়ার বহুজাতিক টেক জায়ান্ট স্যামসাং। যদিও মাত্র তিন মাসের মধ্যেই সেগুলির উৎপাদন এবং বিক্রি আনুষ্ঠানিক ভাবে বন্ধ করতে বাধ্য হয় তারা।
স্যামসাঙের তৈরি তিন ভাঁজের স্মার্টফোনের নাম ছিল গ্যালাক্সি জ়েড ট্রাইফোল্ড। দক্ষিণ কোরীয় সংস্থাটির দাবি, পরীক্ষামূলক ভাবে ওই ডিভাইস বাজারে আনে তারা। ফোনগুলির উৎপাদন খরচ অনেক বেশি হওয়ায় সেগুলি আর তৈরি করা হয়নি। স্যামসাঙের এ-হেন ব্যর্থতার পরেও তিনভাঁজি ফোনের স্বপ্ন ত্যাগ করেনি ওপো। এর জেরে টেক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে উৎসাহ।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের একাংশের দাবি, তিন ভাঁজের স্মার্টফোন ইতিমধ্যেই পুরোপুরি তৈরি করে ফেলেছে ওই চিনা সংস্থা। যদিও বাজারে আনার ক্ষেত্রে মেপে পা ফেলতে চাইছে তারা। বর্তমানে দু’ভাঁজের নতুন ডিভাইসকে সামনে রেখে বিক্রি বাড়াতে চাইছে স্যামসাং। একই রাস্তায় হাঁটতে পারে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল।
প্রযুক্তিবিদেরা মনে করেন, গ্রাহক মহলে এই সমস্ত ভাঁজ করা স্মার্টফোনগুলি কতটা সাড়া ফেলছে, সেটাই বুঝে নিতে চাইছে ওপো। তাই তড়িঘড়ি তিন ভাঁজের ডিভাইসে এনে সবাইকে চমকে দিতে চাইছে না তারা। উল্টে কিছুটা ‘ধীরে চলো’ নীতি নিয়েছে সংশ্লিষ্ট চিনা সংস্থা।
আরও পড়ুন:
অতীতে ফ্লিপ ফোনে বাজার দখলের চেষ্টা করেছিল স্যামসাং। যদিও তাতে একেবারেই সাফল্য পায়নি তারা। তিন ভাঁজের ফোন আনার ক্ষেত্রে ওপো দীর্ঘ সময় দেরি করতে পারবে, এমনটা নয়। কারণ, সে ক্ষেত্রে বাজার পুরোপুরি স্যামসাং এবং অ্যাপ্লের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে চিনা সংস্থাটি কবে নতুন ডিভাইস নিয়ে আসে, সেটাই এখন দেখার।