বাজারে আসার আগেই ভিডিয়ো ফাঁস! এর জেরে স্যামসাঙের নতুন ভাঁজ করা স্মার্টফোন নিয়ে আমজনতার মধ্যে চড়ছে পারদ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্টের চুলচেরা বিশ্লেষণ করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসের নানাবিধ বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিচ্ছেন টেক বিশ্লেষকদের একাংশ। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় স্যামসাং গ্যালাক্সি জ়েড ফোল্ড ৮ ফোনটিকে দেখা গিয়েছে। সেটা খোলার পর ভাঁজের জায়গাগুলিতে কোনও দাগ দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসে খেলা বা ওয়েব সিরিজ় দেখার ক্ষেত্রে গ্রাহক যে বাড়তি আনন্দ পাবেন, তাতে কোনও সন্দেহ নেই।
টেক বিশ্লেষকদের দাবি, নতুন ভাঁজ করা স্মার্টফোনে ডিসপ্লে রেজ়োলিউশন এবং উজ্জ্বলতা অনেকটা বাড়িয়েছে স্যামসাং। বৃদ্ধি পাচ্ছে ডিসপ্লের আকারও। বাইরের দিকের ছোট ডিসপ্লেটিকে ৬.৫ ইঞ্চি রেখেছে তারা। কিন্তু ভিতরের দিকে আট ইঞ্চির একটা বড় ডিসপ্লে পাবেন গ্রাহক।
এ ছাড়া গ্যালাক্সি জ়েড ফোল্ড সিরিজ়ের ফোনগুলিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট এলিট জ়েন ৫ প্রসেসার, ৫,০০০ এমএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফোনটার পিছনের দিকে থাকছে তিনটি ক্যামেরা। এর মধ্যে মুখ্য ছবি তোলার লেন্সটি ২০০ মেগাপিক্সলের হতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি, সংশ্লিষ্ট ভাঁজ করা ফোনে ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইZsশন’ বা ওআইএস প্রযুক্তির সুবিধা পাবেন গ্রাহক। ফলে ছবি তোলার সময় হাত কেঁপে গেলেও কোনও কিছুকে লেন্সবন্দি করতে সমস্যা হবে না ওই মুঠোবন্দি ডিভাইসের। অর্থাৎ, যে কোনও পরিস্থিতিতে ঝকঝকে ছবি পাবেন ব্যবহারকারী।
এ ছাড়া জ়েড সিরিজ়ের ফোনের পিছন দিকের বাকি দু’টি ক্যামেরায় ৫০ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ১০ মেগাপিক্সলের পেরিস্কোপিক লেন্স থাকবে বলে জানিয়েছেন টেক বিশ্লেষকেরা। শেষেরটি দিয়ে থ্রি এক্স অপটিক্যাল জ়ুম করতে পারবেন গ্রাহক।
আরও পড়ুন:
সূত্রের খবর, জ়েড সিরিজ়ের মোট তিনটে ভাঁজ করা মডেল একসঙ্গে বাজারে আনছে স্যামসাং। এর মধ্যে একটি জ়েড ফোল্ড আল্ট্রা বলে জানা গিয়েছে। চলতি বছরের ২২ জুলাই সেগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসগুলির দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছে পর্যবেক্ষক মহল।