১ অক্টোবর থেকে মূল্য চাপছে তথ্যপ্রযুক্তি সংস্থা মেটার মেসেজিং অ্যাপ হোয়াট্সঅ্যাপে মেসেজ পাঠানোর ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে, এই পরিবর্তনগুলি শুধুমাত্র ‘হোয়াট্সঅ্যাপ বিজ়নেস প্ল্যাটফর্ম’-এর ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ হোয়াট্সঅ্যাপ গ্রাহক বা ‘হোয়াট্সঅ্যাপ বিজনেস অ্যাপ’-এর ক্ষেত্রে নয়। কেবল হোয়াট্সঅ্যাপ বিজ়নেস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে। এই পরিবর্তন ভারত-সহ অন্য সব দেশকেই প্রভাবিত করবে। মেটা জানিয়েছে, প্রতিটি দেশের বাজারে ইউটিলিটি এবং অথেনটিকেশন মেসেজের মতো পরিষেবা সংক্রান্ত মেসেজের জন্যও একই হারে মূল্য ধার্য করা হবে। হোয়াট্সঅ্যাপ আরও সতর্ক করেছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের লেনদেনের পদ্ধতি নথিভুক্ত করা থাকবে না, ১ অক্টোবর থেকে মূল্য ধার্য শুরু হলে তারা ব্যবসা সংক্রান্ত মেসেজ আর পাঠাতে পারবে না।
সংস্থাটি জানিয়েছে, “যে সব সলিউশন প্রোভাইডার বা সরাসরি-সংযুক্ত ব্যবসা ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোন পদ্ধতিতে লেনদেন হবে তা নথিভুক্ত করবে না, তাদের জন্য ১ অক্টোবর থেকে আর কোনও ‘সার্ভিস মেসেজ’ বা পরিষেবা সংক্রান্ত বার্তা পাঠাবে না মেটা।” এই পরিবর্তনের ফলে ব্যবসাগুলিকে এখন হোয়াট্সঅ্যাপের ২৪ ঘণ্টা গ্রাহকসেবা সময়ের মধ্যে পাঠানো নির্দিষ্ট কিছু উত্তরের জন্যও অর্থ প্রদান করতে হবে।
মেটা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ভারতে তাদের হোয়াট্সঅ্যাপ বিজ়নেস প্ল্যাটফর্মের মূল্য নির্ধারণে যে পরিবর্তন আনছে তার অর্থ, আগে বিনামূল্যে পাওয়া যেত এমন কিছু মেসেজের জন্যও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে মেটাকে অর্থ প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের মেসেজের উত্তর দিতে এবং অর্ডারের আপডেট বিনামূল্যে পাঠাতে পারে। কিন্তু ১ অক্টোবর থেকে এই নিয়মটি পরিবর্তিত হবে। যদিও সীমিত সংখ্যক মেসেজ বিনামূল্যে থাকবে। অর্ডার কনফার্মেশন এবং ডেলিভারি আপডেটের মতো প্রয়োজনীয় মেসেজগুলির জন্য টাকা কাটবে মেটা।
তা হলে, ঠিক কী কী পরিবর্তন হচ্ছে, কী কী বিনামূল্যে থাকবে, এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে আরও কত বেশি অর্থ প্রদান করতে হবে? এত দিন পর্যন্ত হোয়াট্সঅ্যাপ বিজ়নেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের মেসেজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে গ্রাহকদের উত্তর দিতে পারত। এর মধ্যে পণ্য বা অর্ডার সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া, সেইসঙ্গে অর্ডার নিশ্চিতকরণ এবং ডেলিভারি সংক্রান্ত আপডেট পাঠানো অন্তর্ভুক্ত ছিল। ১ অক্টোবর থেকে মেটা এই ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে পাঠানো অর্ডার আপডেট এবং অন্যান্য প্রয়োজনীয় বার্তার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে মূল্য ধার্য করা শুরু করবে। প্রতিটি ব্যবসায়িক ফোন নম্বরের জন্য প্রতি মাসে প্রথম ১,০০০টি পরিষেবা মেসেজের উত্তর বিনামূল্যে থাকবে। এর পর, অতিরিক্ত উত্তরের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে অর্থ প্রদান করতে হবে। ২৪ ঘণ্টার সময়সীমার পরে পাঠানো ইউটিলিটি মেসেজগুলির জন্য আগে থেকেই টাকা কাটা হত। সেই নিয়মটি অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন:
মেটার তালিকা অনুযায়ী ভারতে অর্ডার কনফার্মেশন এবং ডেলিভারি আপডেটের মতো ইউটিলিটি মেসেজের জন্য পাঠানো প্রতিটি মেসেজের জন্য ০.১১৫ টাকা করে ধার্য করবে হোয়াট্সঅ্যাপ। ১৮ শতাংশ জিএসটি-সহ, এর দাম দাঁড়াবে প্রতি মেসেজে প্রায় ০.১৩৬ টাকা। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি গ্রাহকের মেসেজ পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় বার্তা পাঠাতে পারবে ব্যবসাগুলি। ১ অক্টোবর থেকে, প্রতিটি প্রয়োজনীয় বার্তার জন্য তাদের জিএসটি ছাড়া ০.১১৫ টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান ১,০০০টি অর্ডার আপডেট পাঠায়, তবে জিএসটি ছাড়া তাদের ১১৫ টাকা দিতে হবে। ১৮ শতাংশ জিএসটি-সহ দিতে হবে প্রায় ১৩৫.৭০ টাকা। পাঠানো মেসেজের ধরনের উপর ভিত্তি করে এর মূল্য পরিবর্তিত হবে।
আরও পড়ুন:
এই পরিবর্তন সত্ত্বেও, সব হোয়াট্সঅ্যাপ বিজনেস মেসেজের জন্য মূল্য প্রযোজ্য হবে না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি প্রতিটি ফোন নম্বরের জন্য প্রতি মাসে ১,০০০টি বিনামূল্যে মেসেজ পাঠাতে পারবে। তবে গ্রাহকদের জন্য কোনও পরিবর্তন হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানকে বার্তা পাঠাতে বা হোয়াট্সঅ্যাপে উত্তর ও আপডেট পেতে তাদের কোনও অর্থ প্রদান করতে হবে না।