Advertisement
E-Paper

প্রথম বার একাকী ভ্রমণ! রোমাঞ্চ, উত্তেজনা বিপর্যয়ে পরিণত হতে পারে ৫ ভুলেই

প্রথম বার একলা ভ্রমণ। ভয়-উত্তেজনা থাকুক। তবে সফর যাতে বিপর্যয়ে পরিণত না হয়, মাথায় রাখুন ৫ বিষয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৩:৫৫
একলা বেড়াতে গেলে কোন ভুলগুলি এড়ানো জরুরি?

একলা বেড়াতে গেলে কোন ভুলগুলি এড়ানো জরুরি? ছবি:সংগৃহীত।

একলা সফরের পিছনে যেমন উত্তেজনা থাকে, তেমনই থাকে ভয়ও! সেই ভয় অনভিজ্ঞতার। নতুন জনপদ, অচেনা মানুষ, বিদেশ-বিভুঁইয়ে কোথায় কী হয়, মনে মনে দুশ্চিন্তা কাজ করেই। অনেক সময় প্রথম সফরের অভিজ্ঞতা মধুর না-ও হতে পারে। ভুল-ত্রুটি শিক্ষাও দেয়। তবে কিছু ভুল শিক্ষণীয় না হয়ে বিপর্যয় ডেকে আনতে পারে। সেই ভুলগুলি এড়ানো দরকার শুরুতেই। প্রথম বার একলা সফরের পরিকল্পনা করলে, কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

স্পষ্ট ধারণা ছাড়া সফর: অনেকেই নির্দিষ্ট একটি স্টেশনের টিকিট কেটে, সেখানে পৌঁছে, তার পরে ঠিক করেন কোথায় যাবেন। যাঁরা একলা সফরে অভিজ্ঞ, তাঁদের জন্য বিষয়টি সমস্যার না হলেও, প্রথম বার সফরে এমন কিছু রোমাঞ্চ করতে না যাওয়াই ভাল। যে জায়গায় যাবেন, সেই জায়গার রাস্তাঘাট, গণপরিবহণ, গাড়ির ভাড়া সম্পর্কে আগাম জেনে যাওয়া খুব জরুরি। হতেই পারে, স্থানীয় কোনও কারণে, সফরের দিন রাস্তা বন্ধ থাকতে পারে কিংবা রাস্তাটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্ধ হতে পারে। পরিস্থিতি সম্পর্কে জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

প্রথম আলাপেই ব্যক্তিগত তথ্য দেওয়া: সফরে নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়া স্বাভাবিক। সফরসঙ্গীও জুটে যেতে পারেন। তবে প্রথমেই ব্যক্তিগত তথ্য দেওয়াটা ঠিক নয়। বিশেষত কোথায় থাকছেন, কী ভাবে ঘোরার পরিকল্পনা রয়েছে, তা বেশি লোককে না জানানোই ভাল। কাউকে বিশ্বস্ত বলে মনে হলে, তবেই একসঙ্গে সফরের পরিকল্পনা করা ভাল।

ফোনের উপর নির্ভরতা: টিকিট থেকে হোটেল বুকিং এবং টাকাপয়সা লেনদেনের জন্যও ভরসা এখন হাতের মোবাইলটি। কিন্তু যন্ত্র যখন-তখন বিগড়ে যেতে পারে। হ্যাং করতে পারে। এমনকি, চার্জও ফুরিয়ে যেতে পারে। তাই জরুরি ফোন নম্বর নোটবুকে লিখে রাখুন। টিকিটের প্রিন্ট সঙ্গে রাখুন। হোটেলের তথ্যও নোটবুকে রাখুন, যাতে মোবাইল অচল হলেও যোগাযোগ করতে পারেন। সঙ্গে নগদ থাকা খুব জরুরি।

সফরসূচির বাস্তবতা: সফরে গিয়ে যদি ট্রেকিংয়ের পরিকল্পনা থাকে, তা-ও পুরোপুরি একা, তা হলে অবশ্যই সময় এবং দূরত্বের হিসাব কষে নেওয়া জরুরি। হাতে বাড়তি সময় রাখতেই হবে। অচেনা পথে অন্ধকার নামলে বা সময়ে হোটেলে পৌঁছতে না পারলে বিপদে পড়তে পারেন। গাড়ি করে ঘোরার পরিকল্পনা থাকলেও, দূরত্ব বুঝে নিয়ে সময় অনুযায়ী সফর করুন।

সতর্ক থাকা দরকার: একলা সফরে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হয়। তাই সব সময়ে সতর্ক থাকা প্রয়োজন। যদি কোনও ব্যক্তির আচরণ অস্বস্তিকর মনে হয় বা মনে হয় কেউ গায়ে পড়ে কথা বলতে চাইছেন, সচেতন হওয়া প্রয়োজন। দরকারে স্থানীয় লোকজন বা পুলিশ-প্রশাসনের সাহায্য নিতে পারেন। হোটেল বা হোমস্টের লোকজনকেও সমস্যার কথা বলতে পারেন।

Travel Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy