দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর সময়ে লম্বা ছুটি মেলে, আবহাওয়া ভাল থাকে বলে অনেকেই বেড়াতে যান। কিন্তু বেড়াতে গিয়ে যদি ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েন কী করবেন?
বৃহস্পতিবারই ভূমিকম্প হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এদিন দুপুরে এখানে কম্পন অনুভূত হয়। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএসজিএস)-র তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে ব্যাম্বু ফ্ল্যাট থেকে ২১৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে। মাঝারি মাপের এই কম্পনে আতঙ্ক ছড়ায়। তবে হতাহত বা বড়সড় কোনও ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন:
পাহাড় বা সমুদ্র যে কোনও স্থানেই ভূমিকম্প হতে পারে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে বেশি তীব্রতার ভূমিকম্প হলে সুনামি বা বিশাল জলোচ্ছ্বাসের ভয়ও থাকে। বিপদ বা বিপর্যয় কখনও বলেকয়ে আসে না। বেড়াতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়লে কী করবেন?
১। বহুতল হোটেলে থাকলে আতঙ্কিত হয়ে নামার চেষ্টা না করাই ভাল। ভূমিকম্পের মতো বিপর্যয়ে লিফ্ট ব্যবহার করা যায় না। সিঁড়ি বা হোটেলের কোন তলার কোথায়, কী রয়েছে না জানার কারণে, বিপদ বাড়তে পারে। বাইরে বার হতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসুন। শক্ত কোনও টেবিলের নীচে আশ্রয় নিন।
২। আলমারি, দেরাজ, কাচের জানলার আশপাশে না থাকাই ভাল। বালিশ রাখুন মাথার উপরে। যাতে উপর থেকে কিছু পড়লেও মাথায় আঘাত কম লাগে।
৩। আড়াল না পেলে, বিছানায় থাকলে উপুড় হয়ে শুয়ে কম্বল, বালিশ, কোলবালিশ মাথায় বা ঘাড়ে ঢাকা দিয়ে দিন।
৪। বহুতল হোটেলে না থাকলে, রিসর্ট ছেড়ে বেড়িয়ে যেতে পারেন। কোনও খোলা জায়গা থাকলে সেখানেই গিয়ে দাঁড়ান।
৫। গাড়িতে যাতায়াতের সময়ে ভূমিকম্প হলে ওভার ব্রিজ, সেতু থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করুন। ব়ড় গাছ নেই এমন জায়গা বেছে নিন। খোলা রাস্তাতেই গাড়ি থামান।
৬। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকে। একটি-দুটি পাথর গড়িয়ে পড়তে দেখলেই দেরি না করে, যে দিকটি সুরক্ষিত মনে হচ্ছে, সেই দিকে দৌড়ে যান। এমন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদ না বাড়ানোই ভাল। সামুদ্রিক এলাকায় ভূমিকম্প হলে সুনামির ভয় থাকে। চেষ্টা করুন, সমুদ্র থেকে দূরে চলে যেতে।
৭। বেড়াতে যাওয়ার সময়ে অবশ্যই সঙ্গে জরুরি ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, শুকনো খাবার, জল রাখুন। পরিচয়পত্র নির্দিষ্ট ব্যাগে হাতের কাছে রাখা ভাল। বিপদ বুঝলে জরুরি নথি নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ুন।