দুই ছানাকে সঙ্গে নিয়ে জলাশয়ের ধারে জল খেতে এসেছিল বুনো শুয়োর। বুঝতেও পারেনি জলের তলায় অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু। শুয়োরটি শাবকদের নিয়ে জলাশয়ের কাছে যেতেই জলের তলা থেকে উঠে এল বিশাল কুমির। এক ঝটকায় একটি শুয়োরছানাকে মুখে করে টেনে নিয়ে চলে গেল জলের ভিতরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই ছানাকে নিয়ে নদীতে জল খেতে এসেছে একটি বুনো শুয়োর। বিশাল শুয়োরটির বাঁকানো দাঁত দু’টি দেখলে যে কোনও মানুষই ভয় পেতে বাধ্য। ওই জলাশয়ের পাড়ে কিছুটা দূরে একটি হাঁসও জল খাচ্ছিল। শাবকদের নিয়ে বুনো শুয়োরটি জল খেতে এগিয়ে যেতেই হঠাৎই জলের নীচ থেকে বিদ্যুৎগতিতে বেরিয়ে আসে একটি বিশাল কুমির। শুয়োরের একটি ছানাকে দাঁতে কামড়ে আবার বিদ্যুতের গতিতেই জলে ফিরে যায় ‘জলের রাজা’। অদৃশ্য হয়ে যায় চোখের পলকে। পুরো দৃশ্যটি অসহায় ভাবে দেখে বুনো শুয়োরটি। চেষ্টা করেও সন্তানকে বাঁচাতে পারে না সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ব্রুটালডমিনিয়ন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার দুঃখ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টিকে প্রকৃতির নিয়ম বলেও উল্লেখ করেছেন নেটাগরিকদের একাংশ।