এক সময় ছত্তীসগঢ়ের বস্তরের ঘন জঙ্গলে বন্দুক হাতে আত্মগোপনে থাকতেন। যুক্ত থাকতেন সরকারবিরোধী কার্যকলাপের সঙ্গে। এ বার রায়পুরের ফ্যাশন র্যাম্পে শাড়ি পরে হাঁটলেন তেমনই এক দল প্রাক্তন নকশালপন্থী মহিলা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের অন্যতম বড় শহর রায়পুরে জাতীয় তাঁত দিবস (ন্যাশনাল হ্যান্ডলুম ডে) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চমৎকার সব তাঁতের পোশাকে সজ্জিত হয়ে র্যাম্পে হাঁটেন ওই প্রাক্তন নকশালপন্থী মহিলারা। দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁদের। বিজেপি এবং সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা সেই অনুষ্ঠানের ভিডিয়োগুলো দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছে নেটমাধ্যমে। একসময় বস্তরের জঙ্গলে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এই মহিলাদের এখন আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটতে এবং ভারতীয় তাঁতশিল্পের এক প্রকাশ্য উৎসবে অংশ নিতে দেখে সাধুবাদ জানান অনেকে।
আরও পড়ুন:
নকশালপন্থী মানুষদের পুনর্বাসন এবং মূলধারার সমাজে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসাবেই প্রাক্তন নকশালপন্থী মহিলা সদস্যদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ানো হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সরকারের তরফে মাওবাদীদের দমনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসন, উন্নয়ন এবং জীবন নতুন করে গড়ে তোলার সুযোগ করে দেওয়ার যে বৃহত্তর উদ্যোগ, অনুষ্ঠানটি তারই অংশ।
আরও পড়ুন:
ইতিমধ্যেই বহু মানুষ প্রাক্তন নকশালপন্থী মহিলাদের র্যাম্পে হাঁটার ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ওই মহিলাদের অভিনন্দন জানিয়েছেন। বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাবাই যায় না যে এঁদের মধ্যে কেউ কেউ এক সময় বস্তরের জঙ্গলে বন্দুক কাঁধে নিয়ে ঘুরেছেন। আজ তাঁরা পুরনো জীবনকে পিছনে ফেলে মূলধারার জীবন বেছে নিয়েছেন এবং দর্শকদের করতালি পেতে পেতে র্যাম্পে হাঁটছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জীবনে প্রথম এমন র্যাম্পওয়াক দেখলাম। খুব ভাল লাগল।’’