যাত্রীর ফেলে যাওয়া বহুমূল্য ফোন হাতে পেয়েছিলেন অ্যাপক্যাব চালক। সেই আইফোন ১৬ পেয়েও মালিককে ফেরত দিয়ে মন জয় করলেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সততার এক অনন্য নজির স্থাপনকারী চালকের কাহিনি সমাজমাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। জানা গিয়েছে, ওই অ্যাপক্যাব চালকের নাম মির শেখ। সম্প্রতি তাঁর গাড়ির পিছনের আসনে এক যাত্রীর ফেলে যাওয়া দামি আইফোন ১৬ খুঁজে পান তিনি। ফোনটি তাঁর কাছে থাকলেও তিনি তৎক্ষণাৎ ফোনের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তা সত্ত্বেও মির ফোনটি নিজের কাছে রেখে মালিকের ফোনের অপেক্ষা করতে থাকেন। অবশেষে যিনি ওই ফোন ফেলে গিয়েছিলেন, তিনি মিরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। এর পর অ্যাপক্যাব চালক তাঁর বাড়ির কাছাকাছি গিয়ে ফোনটি ফেরত দিয়ে আসেন। ফোনটি ফেরত দেওয়ার পর ফোনের মালিক মিরকে ২,৫০০ টাকা পুরস্কার দেন। কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পুরো ঘটনাটি তুলে ধরেছেন খোদ অ্যাপক্যাব চালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য_মীর_শেখ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর অ্যাপক্যাব চালকের সততায় মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সৎ চালক। সত্যিই তিনি শ্রদ্ধার পাত্র।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘পৃথিবীতে এখনও মানবিকতা টিকে আছে।’’