প্রতিবাদে শামিল হয়ে কলেজের মাঠে জীবন্ত সমাধিস্থ হচ্ছিলেন ছাত্রনেতা। মাটির নীচে তাঁকে পুঁতে দেওয়ার নির্দেশ দিচ্ছিলেন সাঙ্গপাঙ্গদের। হঠাৎ পৌঁছে গেল পুলিশ। সঙ্গে সঙ্গে বদলে গেল ছবি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শিক্ষার্থীরা কোনও একটি দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছিলেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে। সেই সময় এক ছাত্রনেতা ক্যাম্পাসের মাটিতে নিজেকে অর্ধেক পুঁতে ‘সমাধিস্থ’ হওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ছাত্রনেতা মাটির নীচে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় রয়েছেন। তাঁর মাথা শুধু মাটির উপরে। বাকি মাটির নীচে। তাঁকে ঘিরে রেখেছেন বাকি শিক্ষার্থীরা। বিক্ষোভ দেখাচ্ছেন। স্লোগানও দিচ্ছেন। ভিডিয়োর সবচেয়ে কৌতুকপূর্ণ ও চমকপ্রদ অংশটি শুরু হয় এর পরই। পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন হঠাৎ সেখানে পৌঁছে যায় পুলিশ। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শুরু করে পুলিশ। কয়েক জনকে লাঠিপেটা করতে এবং চড় মারতেও দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার মাত্র কয়েক মুহূর্ত আগেও যাঁরা বসে স্লোগান দিচ্ছিলেন, সেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে এ দিক-ও দিক ছুটতে থাকেন তাঁরা। মুহূর্তের মধ্যেই বিক্ষোভের পুরো পরিবেশ বদলে যায়। মজার বিষয় হল, মাটিতে অর্ধেক পুঁতে থাকা সেই ছাত্রনেতাও পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে ছেড়েই চম্পট দেন তাঁর সঙ্গীরা। অসহায় ভাবে মাটিতে পোঁতা অবস্থাতেই থেকে যান তিনি। তবে পুলিশ তাঁকে টেনে বার করে নিয়ে যায়। বিক্ষোভ ছেড়ে পুলিশের কাছে ছেড়ে দেওয়ার মিনতি করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দিব্যা.শেখাওয়াত.৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ ছাত্রনেতার ‘সমাধি আন্দোলন’-এর সময় পুলিশের আগমনে শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার দৃশ্য নিয়ে হাস্যরসাত্মক ‘মিম’ও তৈরি করছেন।