চলন্ত ট্রেনের কামরায় দেখা মিলল ভয়াল সরীসৃপের। বিনা বাধায় কামরা জুড়ে এঁকেবেঁকে ঘুরে বেড়াতে লাগল বিনা টিকিটের যাত্রী। বিষধর সহযাত্রীর দেখা মিলতেই আতঙ্কে কাঁটা হয়ে রইলেন যাত্রীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে কলকাতাগামী কাটিহার এক্সপ্রেসে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের ডোরাকাটা একটি সাপ আসনের নীচে দিয়ে বেরিয়ে আসছে। কয়েক ফুট লম্বা সরীসৃপটি এঁকেবেঁকে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। চলন্ত ট্রেনের কামরার ভেতর সাপ দেখে যাত্রীরা হতবাক হয়ে যান। কামরা জুড়ে চিৎকারের রোল ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে স্লিপার ক্লাসের পাশের নীচের বার্থের তলা থেকে হঠাৎ একটি লম্বা সাপ বেরিয়ে আসে। আসনের নীচ থেকে বেরিয়ে সাপটি ট্রেনের দরজার পেছনে লুকিয়ে পড়ে। ভিডিয়োর শেষের দিকে শুধু এর লেজটি দেখা যায়। সাপটিকে উদ্ধার করা হল কি না তা শেষ পর্যন্ত জানা যায়নি।
যদিও সাপটির সঠিক প্রজাতি নিশ্চিত করা যায়নি। তবে ভিডিয়ো দেখার পর নেটাগরিকদের অনেকেই মনে করছেন এটি একটি বিষধর কালাচ বা ‘কমন ক্রেট’। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। রেলের কামরায় এ ভাবে সাপ ঘুরে বেড়ানোর দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত দর্শকও। নেটাগরিকদের অনেকেই মনে করছেন সাপটি যদি যাত্রীদের কাউকে কামড়ে দিত তা হলে ভয়ানক কাণ্ড ঘটতে পারত। রেলের সুরক্ষা এবং নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ মনে করছেন বর্ষায় সাপের গর্তে জল ঢুকে যাওয়ায় শুকনো জায়গার খোঁজে সেটি ট্রেনে উঠে পড়ে।