মঞ্চ বেঁধে জমিয়ে নাচগান চলছিল একটি এলাকায়। মঞ্চের উপরে নাচছিলেন তরুণীরা। গানের তাল উদ্দাম হতেই ভিড়ের মাঝে নজর কাড়লেন এক তরুণ। নাচগানের আকর্ষণ ছাড়তে না পেরে, হাতে স্যালাইনের বোতল নল গুঁজেই সেই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল তাঁকে। সেই দৃশ্যটি ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপরে নৃত্য পরিবেশন করছিলেন কয়েক জন তরুণী। এরই মধ্যে ওই তরুণ সেখানে উপস্থিত হন। তাঁর হাতে থাকা ক্যানুলা এবং তাতে লাগানো স্যালাইনের বোতলটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত, এমন পরিস্থিতিতে বিশ্রাম নেওয়াই উচিত। কিন্তু তরুণের নাচ-গানের প্রতি আকর্ষণ এতটাই যে তিনি হাতে বোতলটি ধরে রেখেই উদ্দাম ভাবে নাচতে শুরু করেন। তাঁর নাচের ভঙ্গিমা নজর কাড়ে নৃত্যশিল্পীরও। মঞ্চের একেবারে ধারে এসে তরুণের হাত থেকে বোতলটি নিয়ে নেন এক নৃত্যশিল্পী। তরুণকে নাচের সুবিধা করে দিতেই তিনি বোতলটি ধরে থাকেন।
এই পরই তরুণ আরও স্বতঃস্ফূর্ত ভাবে নাচতে শুরু করেন। দু’জনের এই মজার মুহূর্ত দেখে দর্শকও বেশ আনন্দ পান। লোকটির শারীরিক এই অবস্থা সত্ত্বেও তাঁর উৎসাহ ও প্রাণবন্ত নাচ সকলকে অবাক করে দেয়। তবে তরুণের এই কাণ্ড দেখে ভিডিয়োটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, সমাজমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার জন্য তরুণ ওই ভাবে হাজির হয়েছেন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অঞ্জলিকুমারী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে। কেউ কেউ তরুণের সাহস ও মনোবলের প্রশংসা করেছেন। আবার কেউ তার নাচ দেখে বেশ মজা পেয়েছেন। অনেকেই বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, নাচ যেন না থামে। নেটাগরিকদের এক জন মজা করে লিখেছেন, অনুষ্ঠান যদি এতটাই জমজমাট হয়, তা হলে ক্যানুলা বা স্যালাইনের বোতলও তাঁকে থামিয়ে রাখতে পারবে না।